মির্জা ফখরুলকে জিজ্ঞাসাবাদের জন্য নিয়ে এসেছি : ডিএমপি কমিশনার

Image 245718 1698576597
৬৬

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে জিজ্ঞাসাবাদের জন্য নিয়ে আসা হয়েছে বলে জানিয়েছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কমিশনার হাবিবুর রহমান।

রোববার (২৯ অক্টোবর) দুপুরে রাজারবাগে নিহত পুলিশ কনস্টেবলের জানাজায় গিয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ তথ্য জানান।

হাবিবুর রহমান বলেন, মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে আমরা জিজ্ঞাসাবাদের জন্য নিয়ে এসেছি। তদন্তের পর যদি আমরা তেমন কিছু পাই তখন সে বিষয়ে বলা যাবে। তবে এ মুহূর্তে আমরা তাকে জিজ্ঞাসাবাদের জন্য নিয়ে এসেছি।

তিনি বলেন, পুলিশ সদস্য হত্যার ঘটনাসহ বিভিন্ন বাস পোড়ানো হয়েছে। বিএনপির হামলায় ১১৩ জন পুলিশ সদস্য আহত হয়েছেন। তাদের মধ্যে এখনও অনেকের জীবন সংকটাপন্ন। কিছুক্ষণ আগেই আমরা খবর পেয়েছি, আরেকজনের জীবন সংকটাপন্ন। কী হয়েছে আপনারা জানেন। আপনারা প্রত্যক্ষভাবে দেখেছেন। এখানে একটি আনুষ্ঠানিক সমাবেশের ভেতর থেকে এ কাজগুলো করা হয়েছে। সুতরাং সেখানে অনেকেই জড়িত থাকার সম্ভাবনা রয়েছে।

তিনি আরও বলেন, এসব বিবেচনায় আমরা অনেককেই খুঁজছি। তাদের জিজ্ঞাসাবাদের জন্য নিয়ে এসেছি। তদন্ত কার্যক্রম চলছে। তদন্ত কার্যক্রম শেষ হলে প্রমাণের ভিত্তিতে আমরা আরও গ্রেপ্তার করব।

এর আগে, গুলশানের বাসা থেকে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে আটক করা হয়। তাকে আটক করার পর রাজধানীর মিন্টো রোডের ডিবি কার্যালয়ে নেওয়া হয়েছে।