সারাদেশে হরতালের ডাক বিএনপির

২১

সারাদেশে রোববার (২৯ অক্টোবর) সকাল-সন্ধ্যা হরতালের ডাক দিয়েছে বিএনপি।

শনিবার (২৮ অক্টোবর) দুপুরে দলটির পক্ষ থেকে এ ঘোষণা দেওয়া হয়।

এর আগে, সরকারের পদত্যাগের দাবিতে দুপুর ২টা থেকে বিএনপির সমাবেশ শুরু হয়। তবে, তার আগেই রাজধানীর কাকরাইল মোড়ে বিএনপির নেতাকর্মীদের সঙ্গে পুলিশের দফায় দফায় সংঘর্ষ হয়েছে। এ সময় বিএনপি নেতাকর্মীরা দুটি গাড়িতে এবং একটি ট্রাফিক পুলিশ বক্সে আগুন দেয়।

এদিকে, দুপুর আড়াইটার দিকে পল্টনে বিএনপির সমাবেশে পুলিশ ধাওয়া দেয় বলে অভিযোগ করেছে দলটি। এ সময় বেশ কয়েকটি সাউন্ড গ্রেনেড ও টিয়ারশেল ছোড়ে পুলিশ। পরে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল স্টেজ থেকে বেলা ৩টায় হরতালের ঘোষণা দেন।

উল্লেখ্য, রাজধানীর নয়াপল্টনে ২৮ অক্টোবর মহাসমাবেশের ঘোষণা দেয় বিএনপি। এরপর একই দিন বায়তুল মোকাররমের দক্ষিণ গেটে আওয়ামী লীগ এবং শাপলা চত্বরে সমাবেশের ডাক দেয় জামায়াতে ইসলামী। একই দিনে তিন দলের সমাবেশ ঘিরে জনমনে আতঙ্ক বিরাজ করছে।