বঙ্গবন্ধু টানেল উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

Pm Tunnel

কর্ণফুলি নদীর তলদেশে নির্মিত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান টানেলের উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

শনিবার (২৮ অক্টোবর) নামফলক উন্মোচনের মাধ্যমে তিনি টানেল উদ্বোধন করেন। এর মাধ্যমে বাংলাদেশ টানেলের যুগে প্রবেশ করলো। উন্মোচিত হলো দক্ষিণ চট্টগ্রামে শিল্প বাণিজ্য বিকাশের নতুন সম্ভাবনার দুয়ার।

এর আগে, সকালে টানেলের উদ্বোধনে চট্টগ্রামে পৌঁছান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। উদ্বোধনের অনুষ্ঠানিকতা শেষে চট্টগ্রামের আনোয়ারায় আওয়ামী লীগের জনসভায় বক্তব্য রাখবেন প্রধানমন্ত্রী।

২০১৫ সালের ২৪ নভেম্বর চীনা কোম্পানি ‘চায়না কমিউনিকেশন কনস্ট্রাকশন কোম্পানির’ সঙ্গে চুক্তি স্বাক্ষর করে বাস্তবায়ন কর্তৃপক্ষ সেতু বিভাগ। কর্ণফুলী নদীর দুই পাড়ে চীনের সাংহাইয়ের আদলে ‘ওয়ান সিটি টু টাউন’ গড়ে তুলতেই এই প্রকল্প।

৩ দশমিক ৩২ কিলোমিটার দৈর্ঘ্যের এই টানেলে প্রতিটি সুড়ঙ্গের দৈর্ঘ্য ২ দশমিক ৪৫ কিলোমিটার। টানেলের পূর্ব ও পশ্চিম ও প্রান্তে থাকছে ৫ দশমিক ৩৫ কিলোমিটার সংযোগ সড়ক। এছাড়া ৭২৭ মিটার দৈর্ঘ্যের একটি ওভারব্রিজ রয়েছে আনোয়ারা প্রান্তে। নদীর তলদেশ থেকে টানেলের সর্বোচ্চ গভীরতা ৩১ মিটার। টানেলে আছে বিপরীতমুখী দুটি টিউব।