দুই দলকে সমাবেশের অনুমতি দেওয়া হবে : হারুন

Image 245389 1698403900
৩৬

রাজধানীতে দুই দলকে সমাবেশের অনুমতি দেওয়া হবে বলে জানিয়েছেন ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) অতিরিক্ত পুলিশ কমিশনার মোহাম্মদ হারুন অর রশীদ।

শুক্রবার (২৭ অক্টোবর) বিকেল পৌনে ৪টায় রাজধানীর নাইটিঙ্গেল মোড়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

হারুন বলেন, আওয়ামী লীগ ও বিএনপি মহাসমাবেশ করার জন্য অনুমতি চেয়েছে। আমার ধারণা তারা অনুমতি পাবে। তবে, স্থানের বিষয়ে এখন বলা যাচ্ছে না। স্থানের বিষয়টি খুব দ্রুতই জানিয়ে দেওয়া হবে।

তিনি বলেন, সমাবেশকে ঘিরে লাখ লাখ মানুষের জমায়েত হবে। এ কারণে ঢাকা শহরের নিরাপত্তা নিশ্চিতে কাজ করছে পুলিশের টহল টিম। ঝুঁকির কথা বিবেচনা করেই থানা পুলিশ, ডিবি পুলিশ ও অন্য আইনশৃঙ্খলা বাহিনীর টহল ও চেকপোস্ট জোরদার করা হয়েছে। বিভিন্ন জায়গায় তল্লাশি করা হচ্ছে।

এর আগে, রাজধানীর নয়াপল্টনে ২৮ অক্টোবর মহাসমাবেশের ঘোষণা দেয় বিএনপি। একই দিন বায়তুল মোকাররমের দক্ষিণ গেটে শান্তি সমাবেশের ডাক দেয় আওয়ামী লীগ। মাত্র তিন কিলোমিটার দূরত্বে একই দিন দুই দলের সমাবেশ ঘিরে জনমনে আতঙ্ক বিরাজ করছে।

বিএনপির পক্ষ থেকে শান্তিপূর্ণভাবে কর্মসূচি শেষ করার ঘোষণা দেওয়া হলেও বিশৃঙ্খলা এড়াতে নেতাকর্মীদের রাজধানীর প্রতিটি পাড়া-মহল্লার মোড়ে সতর্ক পাহারায় থাকতে বলেছে ক্ষমতাসীন নেতারা।