প্রথম ভারতীয় বোলার হিসেবে রেকর্ডবুকে শামি

Image 244791 1697981853
২৬

চলতি বিশ্বকাপে এখন পর্যন্ত চার ম্যাচ খেলে একটি ম্যাচেও হারের মুখ দেখেনি ভারত ও নিউজিল্যান্ড। ফলে দুই দলের লড়াইয়ের ম্যাচটি উভয়ের কাছেই জয়ের ধারা ধরে রাখার মিশন। সে লক্ষ্যে প্রথমে ব্যাট করে ড্যারেল মিচেল ও রাচিন রবীন্দ্রর ব্যাটে লড়াকু সংগ্রহ পায় কিউইরা। তবে এই ম্যাচেই পেসার মোহাম্মদ শামি বল হাতে এমন এক রেকর্ড গড়েছেন যা নেই অন্য কোনো ভারতীয় বোলারের।

রোববার (২২ অক্টোবর) ধর্মশালার হিমাচল প্রদেশ ক্রিকেট অ্যাসোসিয়েশন স্টেডিয়ামে চলমান বিশ্বকাপের ২১তম ম্যাচে টস হেরে প্রথমে ব্যাট করতে নেমে নির্ধারিত ৫০ ওভারে সবকটি উইকেট হারিয়ে ২৭৩ রান করে নিউজিল্যান্ড। ড্যারেল মিচেল ক্যারিয়ারের পঞ্চম শতক হাঁকিয়ে বিদায় হন ১৩০ রান করে। আরেক ব্যাটার রাচিন রবীন্দ্র ৮৭ বলে খেলেন ৭৫ রানের ইনিংস।

ভারতের হয়ে বল হাতে দুর্দান্ত বোলিং করেছেন পেসার মোহাম্মদ শামি। ম্যাচে ১০ ওভারে ১ মেইডেনসহ ৫৪ রানে শিকার করেছেন পাঁচটি উইকেট। যার সুবাদে ভারতীয়দের হয়ে একমাত্র বোলার হিসেবে বিশ্বকাপের মঞ্চে একাধিকবার পাঁচ উইকেট শিকারের রেকর্ড গড়েছেন তিনি।

এর আগে ২০১৯ বিশ্বকাপে ইংল্যান্ডের বিপক্ষে ১০ ওভারে ৬৯ রান দিয়ে পাঁচ উইকেট শিকার করেছিলেন শামি। তার আগে ভারতীয়দের মধ্যে বিশ্বকাপের মঞ্চে পাঁচ উইকেট শিকার করেছিলেন পাঁচ ক্রিকেটার। তারা হলেন- কপিল দেব (১৯৮৩ বিশ্বকাপ), রবিন সিং (১৯৯৯ বিশ্বকাপ), ভেঙ্কেটস প্রসাদ (১৯৯৯ বিশ্বকাপ), আশিষ নেহরা (২০০৩ বিশ্বকাপ) ও যুবরাজ সিং (২০১১ বিশ্বকাপ)।

শুধু তাই নয়, ভারতের বোলারদের মধ্যে বিশ্বকাপে সবচেয়ে বেশি উইকেট শিকারের তালিকায় এখন তিনে আছেন শামি। শীর্ষে আছেন জাভাগাল শ্রীনাথ এবং জহির খান। দুজনেই নিয়েছেন ৪৪ উইকেট। তিনে থাকা শামির উইকেট ৩৬টি। চারে আছেন কুম্বলে। আর ২৯ উইকেট নিয়ে পাঁচ নম্বরে আছে জাসপ্রিত বুমরাহর নাম।