সিঙ্গাপুরে রাষ্ট্রপতির সফল ওপেন হার্ট সার্জারি সম্পন্ন

৩৭

সিঙ্গাপুরে রাষ্ট্রপতি মো: সাহাবুদ্দিনের ওপেন হার্ট সার্জারি সম্পন্ন হয়েছে।

বুধবার (১৮ অক্টোবর) সকালে ন্যাশনাল ইউনিভার্সিটি হাসপাতালে কার্ডিয়াক সার্জন অধ্যাপক ডাক্তার কফিদিস থিওডোরোসের তত্ত্বাবধানে তার সফল অস্ত্রোপচার সম্পন্ন হয়।

রাষ্ট্রপতির প্রেস সচিব মো: জয়নাল আবেদীন এই তথ্য নিশ্চিত করেছেন।

চিকিৎসকদের উদ্ধৃতি দিয়ে তিনি জানান, রাষ্ট্রপতি এখন পোস্ট অপারেটিভ ইউনিটে চিকিৎসকদের পর্যবেক্ষণে রয়েছেন। তার জ্ঞান ফিরেছে। তিনি ভালো আছেন।

এর আগে রাষ্ট্রপতি গত সোমবার প্রয়োজনীয় স্বাস্থ্য পরীক্ষা শেষে সিঙ্গাপুরের ন্যাশনাল ইউনিভার্সিটি হাসপাতালে ভর্তি হন। তিনি আশু আরোগ্য কামনায় দেশবাসীসহ সকলের দোয়া চেয়েছেন।

গত ১৬ অক্টোবর রাষ্ট্রপতি সাহাবুদ্দিন চিকিৎসার জন্য সিঙ্গাপুর যান।