লিগামেন্ট ছিঁড়ে গেছে নেইমারের, শঙ্কায় কোপা আমেরিকা

Neymarinujury 2310190605
১৮

দক্ষিণ আমেরিকান অঞ্চলের বিশ্বকাপ বাছাইয়ে উরুগুয়ের বিপক্ষে ম্যাচে পায়ের চোট নিয়ে মাঠ ছেড়েছিলেন নেইমার জুনিয়র। স্ট্রেচারে তোলার সময় নেইমারের কান্না দেখেই খারাপ কিছুর আশঙ্কা করা হয়েছিল।

অবশেষে সেটাই সত্যি হলো। লিগামেন্ট ছিঁড়ে গেছে ব্রাজিলিয়ান তারকার। তাতে আগামী কোপা আমেরিকায় তার খেলা নিয়ে দেখা দিয়েছে সংশয়।

লিগামেন্ট ছিঁড়ে যাওয়ার বিষয়টি নেইমার নিজেই নিশ্চিত করেছেন। সামাজিক যোগাযোগমাধ্যমে এক বিবৃতিতে বিষয়টি জানান তিনি।

এছাড়াও ব্রাজিলিয়ান ফুটবল কনফেডারেশন ও তার ক্লাব আল হিলাল আনুষ্ঠানিক বিবৃতিতে একই তথ্য জানিয়েছে।

এই ইনজুরির ফলে আবারও অস্ত্রোপচারের টেবিলে যেতে হচ্ছে নেইমারকে। আর এবার অস্ত্রোপচার করানোর পর পুরোপুরি সেরে উঠতে সময় লাগবে ৭ থেকে ৮ মাস। ফলে আগামী বছর কোপা আমেরিকায় নেইমারের অংশগ্রহণ শঙ্কার মুখে। কেননা, ঠিক ৮ মাস পর আগামী ২০ জুন শুরু হবে কোপার আসর।

এর আগে সর্বশেষ গত ফেব্রুয়ারিতে চোটে পড়েছিলে নেইমার। সে সময় তিনি ছিলেন পিএসজির খেলোয়াড়। অ্যাঙ্কেলের সেই চোট থেকে সেরে উঠে ৭ মাস পর গত সেপ্টেম্বরে মাঠে ফিরেছিলেন এই ফরোয়ার্ড। কিন্তু কয়েক ম্যাচ খেলতে না খেলতেই আবার লম্বা সময়ের জন্য ছিটকে যেতে হলো।