খাদ্যপণ্যের দাম নিয়ে যা বললেন বাণিজ্যমন্ত্রী

95f9123ef808323902fefa34498a4ea085b13926e53da4b2
৩২

খাদ্যপণ্যের দাম আপাতত কমার কোনো সুযোগ নেই বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি। তিনি বলেছেন, রবি মৌসুমের নয়া ফসল ঘরে না আসা পর্যন্ত খাদ্যপণ্যের দাম কমার কোন সুযোগ নেই। আলু, পেঁয়াজ ও ডিমের দাম নির্ধারণ করা হলেও তা ধরে রাখা সম্ভব হয়নি। পেঁয়াজ আমদানিতে ভারত ট্যাক্স বৃদ্ধি করায় গোটা দেশে পেঁয়াজের দাম বেড়েছে।

বৃহস্পতিবার (১৯ অক্টোবর) বিকেলে রংপুর নগরীর লেকভিউ সিটি পার্কের নিজ বাসভবনে গণমাধ্যমকর্মীদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

খাদ্যপণ্যের দাম উর্ধ্বমুখী হওয়ার জন্য আমদানি কমে যাওয়াকে দায়ী করে বাণিজ্যমন্ত্রী বলেন, কিছু খাদ্যপণ্যের দাম উর্ধ্বমুখী। বাজার নিয়ন্ত্রণে সরকারের সুপরিকল্পনা রয়েছে, মন্ত্রণালয়ের চেষ্টাও আছে, এরপরেও নিয়ন্ত্রণ করা যাচ্ছে না বাজার। আগামী ডিসেম্বরের দিকে নতুন পণ্য আসতে শুরু করলে সংকট কেটে স্বাভাবিক হবে নিত্যপণ্যের বাজার।

খাদ্যপণ্যের অস্থিরতার বাজারে দ্বাদশ জাতীয় সংসদ ও রোজায় কোন প্রভাব পড়বে কিনা এমন প্রশ্নের উত্তরে টিপু মুনশি বলেন, বিশ্বমন্দা অর্থনীতিতে কমবেশি সব দেশেই এর প্রভাব পড়েছে; সেদিক থেকে বাংলাদেশ অনেক ভালো অবস্থানে আছে।

ছয়দিনের সফরে নিজ সংসদীয় আসন রংপুরে এসে পরে নগরীর ক্রিকেট গার্ডেনে রংপুর মেট্রোপলিটন চেম্বার অব কমার্স আয়োজিত মাসব্যাপী শিল্প ও বাণিজ্য মেলার উদ্বোধন করেন বাণিজ্যমন্ত্রী।

এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত বিভাগীয় কমিশনার আবু জাফর, রংপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার মো. মনিরুজ্জামান, রংপুর মেট্রোপলিটন চেম্বার অব কমার্সের প্রেসিডেন্ট রেজাউল ইসলাম মিলনসহ অন্য অতিথিরা।