বাংলাদেশ-মালদ্বীপ ম্যাচেও ফিলিস্তিনের মুক্তির দাবি

Image 244115 1697545890
২১

পুরো বিশ্বে আলোচনার কেন্দ্রে উঠে এসেছে ইসরায়েল-ফিলিস্তিন সংঘাত। দীর্ঘদিনের দখলদারিত্বের অবসান ঘটাতে সশস্ত্র আক্রমণ শুরু করেছে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস। অবরুদ্ধ গাজা অঞ্চল থেকে ক্রমাগত হামলা চালিয়ে আসছে এই সশস্ত্র রাজনৈতিক গোষ্ঠী। এরপর ইসরায়েলও গাজায় হামলা চালিয়ে যাচ্ছে।

ইসরায়েলের ফিলিস্তিন আগ্রাসন নিয়ে উত্তাল গোটা মুসলিম বিশ্ব। বিশ্বখ্যাত অনেক তারকা ক্রীড়াবিদরাও ফিলিস্তিনের পাশে এসে দাঁড়িয়েছেন। বিশ্বের বিভিন্ন প্রান্তের অনেক খেলার গ্যালারিতে ফিলিস্তিনের পতাকা ও ব্যানার দেখা গেছে। এবার বসুন্ধরা কিংস অ্যারেনায় বাংলাদেশ-মালদ্বীপ ম্যাচেও দেখা গেল ‘ফ্রি প্যালেস্টাইন’ লেখা পতাকা।

মঙ্গলবার (১৭ অক্টোবর) বসুন্ধরা কিংস অ্যারেনায় মালদ্বীপের বিপক্ষে বিশ্বকাপ বাছাইয়ের প্লে-অফ ম্যাচের দ্বিতীয় লেগ মাঠে নেমেছে স্বাগতিক বাংলাদেশ। ২০২৬ ফিফা বিশ্বকাপের বাছাইপর্বে খেলতে হলে এই ম্যাচে জয়ের বিকল্প ভাবনা নেই জামাল ভূঁইয়াদের সামনে। তাই এই ম্যাচ দেখতে গ্যালারিতে হাজির হয়েছেন দেশের ফুটবলপ্রেমীরা।

এমন ম্যাচে গ্যালারির এক প্রান্তে দেখা গেছে ফিলিস্তিনের বড় পতাকা। দুই দলের জাতীয় সঙ্গীতের সময় বাংলাদেশ পতাকার সঙ্গেই দেখা গেছে ফিলিস্তিনের পতাকা। যেখানে ইংরেজীতে লেখা ছিল, ‘ফ্রি প্যালেস্টাইন’।

বড় পতাকা ছাড়াও ছোট পতাকাও দেখা গেছে অন্য গ্যালারিতে। তবে খেলা শুরুর পর অবশ্য পতাকা দৃশ্যমান দেখা যায়নি। বাংলাদেশের কোনো স্টেডিয়ামের গ্যালারিতে প্যালেস্টাইনের প্রতি সহমর্মিতা প্রদর্শনের ঘটনা নিকট অতীতে নেই।