মুক্তি পেলেন অধিকারের আদিলুর ও এলান

1697381956 23e96665fb271c71257d2da750bde6ad
২৪

ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে মুক্তি পেয়েছেন মানবাধিকার সংস্থা অধিকারের সম্পাদক আদিলুর রহমান খান ও পরিচালক এ এস এম নাসির উদ্দিন এলান।

আজ রবিবার সন্ধ্যা সাতটার দিকে তারা মুক্তি পান।

ঢাকা কেন্দ্রীয় কারাগারের জ্যেষ্ঠ জেল সুপার (ভারপ্রাপ্ত) সুভাষ কুমার ঘোষ এ তথ্য জানান।

এর আগে গত মঙ্গলবার (১০ অক্টোবর) আদিলুর ও এলানের জামিন মঞ্জুর করে হাইকোর্টের বিচারপতি এমদাদুল হক আজাদের একক বেঞ্চ আদেশ দেন।

সুভাষ কুমার ঘোষ জানান, বিকাল ৫টার দিকে আদিলুর ও নাসিরের জামিন আদেশ কারাগারে পৌঁছায়। সন্ধ্যায় তারা কারাগার থেকে বের হন।

কারাগার থেকে বেরিয়ে আদিলুর জানান, আমরা ন্যায়ের জন্য সংগ্রাম করেছি। ন্যায়ের জন্য আমরা আন্দোলন চালিয়ে যাব।

তথ্যপ্রযুক্তি আইনে হওয়া মামলায় মানবাধিকার সংগঠন অধিকারের সম্পাদক আদিলুর রহমান খানসহ দুজনকে দুই বছরের কারাদণ্ডের রায় দেওয়া হয়। এর আগে মতিঝিলের শাপলা চত্বরে হেফাজতে ইসলামের সমাবেশে মৃত্যুর সংখ্যা নিয়ে বিভ্রান্তি সৃষ্টির অভিযোগে হওয়া মামলায় গত ১৪ সেপ্টেম্বর ঢাকার সাইবার ট্রাইব্যুনালের বিচারক এ এম জুলফিকার হায়াত এ রায় দেন।

আদালত দুই বছরের কারাদণ্ডের পাশাপাশি তাদের ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে এক মাসের কারাদণ্ড দেন। রায়ের পর সাজা পরোয়ানা দিয়ে তাদের কারাগারে পাঠানো হয়।