ঢাবিতে গিয়ে নৌকায় ভোট চাইলেন শিক্ষামন্ত্রী

1697270762 D3a0148413ea7e91e3a75651e861afa8
৭১

আমাদের ভালোর জন্য, আমাদের পরবর্তী প্রজন্মের ভালোর জন্য আগামী নির্বাচনে নৌকায় ভোট দিতে হবে বলে মন্তব্য করেছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।

শনিবার (১৪ অক্টোবর) সকাল ১০টায় ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র-শিক্ষক কেন্দ্রের অডিটরিয়ামে শামসুন্নাহার হলের সুবর্ণ জয়ন্তী উৎসবে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেন, আমরা চাই না দেশে একসঙ্গে ৫০০ বোমা পড়ুক। আমরা চাই দেশে শেখ হাসিনার নেতৃত্বে উন্নয়নের গতি অব্যাহত থাকবে। তাই আমাদের সিদ্ধান্ত নিতে হবে নৌকায়। ভোটটা দিতে হবে নৌকায়। আমাদের ভালোর জন্য। আমাদের পরবর্তী প্রজন্মের ভালোর জন্য।

মন্ত্রী বলেন, আমরা শেখ হাসিনার নেতৃত্বে দেশের অগ্রযাত্রা অব্যাহত রাখতে চাই। যেন আমাদের সন্তানদের ভবিষ্যৎ আরো সুন্দর হয়। আমাদের সন্তানদের আরো সুন্দর ভবিষ্যতের জন্য নৌকায় ভোটটা দিতে হবে।

শামসুন্নাহার হল অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সভাপতি আভা দত্তের সভাপতিত্বে সুবর্ণ জয়ন্তী উৎসবে উপস্থিত ছিলেন- শামসুন্নাহার হল প্রভোস্ট অধ্যাপক ড. লাফিফা জামাল ও শামসুন্নাহার হল অ্যাসোসিয়েশনের সদস্যরা।

অনুষ্ঠানে শামসুন্নাহার হলের ১২ শিক্ষার্থীকে বৃত্তি দেয়া হয়। প্রতিবছর অ্যালামনাই হলের ১২ শিক্ষার্থীকে বৃত্তি দেবে বলে ঘোষণা করে শামসুন্নাহার হল অ্যালামনাই।