ব্রাসেলস যাচ্ছেন প্রধানমন্ত্রী

Hasina
১২২

আগামী ২৫ ও ২৬ অক্টোবর ইউরোপীয় কমিশনের উদ্যোগে আয়োজিত গ্লোবাল গেটওয়ে ফোরামের বৈঠক অনুষ্ঠিত হচ্ছে। এতে অংশ নিতে আগামী ২৪ অক্টোবর ৪ দিনের সফরে বেলজিয়ামের রাজধানী ব্রাসেলসে যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বৈঠকে অংশ নেওয়ার ফাঁকে ইউরোপীয় ইউনিয়নের শীর্ষ কয়েকজন নেতার সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক আয়োজনের চেষ্টা চলছে।

ঢাকা ও ইইউ’র একাধিক দায়িত্বশীল সূত্র এ তথ্য নিশ্চি করেছেন।

জানা গেছে, ব্রাসেলসে ২৭ রাষ্ট্রের জোট ইউরোপিয়ান ইউনিয়নের কার্যনির্বাহী সংস্থা ইউরোপীয় কমিশন আয়োজিত গ্লোবাল গেটওয়ে ফোরামের বর্ণাঢ্য উদ্বোধনীতে অংশ নেয়া ছাড়াও কমিশন প্রেসিডেন্ট উরসুলা ভনডার লিয়েনের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক প্রায় চূড়ান্ত হয়েছে।

গ্লোবাল গেটওয়ে ফোরামে দুই দিনের গ্লোবাল গেটওয়ে ফোরামে মূল অধিবেশনের ফাঁকে বিভিন্ন বিষয়ে বেশ কয়েকটি অধিবেশনে আলোচনা হবে। আমন্ত্রিত অতিথি হিসেবে প্রধানমন্ত্রী শেখ হাসিনা আলোচনায় অংশ নেবেন। মূলত ছয়টি প্রতিপাদ্যে এই আলোচনা অনুষ্ঠিত হবে। বিষয়গুলো হচ্ছে পরিবেশবান্ধব জ্বালানিতে উত্তরণ, শিক্ষা ও গবেষণা, গুরুত্বপূর্ণ কাঁচামাল, যোগাযোগের করিডর, স্বাস্থ্য পণ্য উৎপাদন এবং ডিজিটাল অবকাঠামো উন্নয়ন।

কূটনৈতিক সূত্রে জানা গেছে, বাংলাদেশে পরিবেশবান্ধব জ্বালানি উৎপাদনে সহযোগিতায় জোর দিচ্ছে ইইউ। এরই অংশ হিসেবে ইউরোপীয় বিনিয়োগ ব্যাংক (ইআইবি) থেকে সৌরবিদ্যুৎ এবং বায়ুবিদ্যুতে বাংলাদেশকে কম সুদে সাড়ে তিন শ মিলিয়ন ইউরো ঋণ দেওয়ার বিষয়টি চূড়ান্ত হয়েছে। গ্লোবাল গেটওয়ে ফোরামের ফাঁকে এ বিষয়ে চুক্তি সই হতে পারে। এর পাশাপাশি সৌর ও বায়ুবিদ্যুৎ খাতে উল্লেখযোগ্য মঞ্জুরি সহায়তা দেওয়া হবে।