কানাডার ৪১ কূটনীতিককে ফিরিয়ে নিতে বলেছে ভারত: রিপোর্ট

১৮

ভারত থেকে কানাডার কয়েক ডজন কূটনীতিককে আগামী ১০ অক্টোবরের মধ্যে ফিরিয়ে নিতে বলেছে ভারত। এর ফলে খালিস্তানপন্থি শিখ নেতা হত্যাকাণ্ড নিয়ে দুই দেশের মধ্যে যে কূটনৈতিক টানাপোড়েন চলছে, আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

মঙ্গলবার (৩ অক্টোবর) সংশ্লিষ্ট সূত্রের বরাতে এ তথ্য জানিয়েছে ফিন্যান্সিয়াল টাইমস।

প্রতিবেদনে বলা হয়, আগামী ১০ অক্টোবরের মধ্যে ৪১ কূটনীতিককে অবশ্যই প্রত্যাবাসন করতে হবে বলে কানাডাকে জানিয়ে দিয়েছে ভারত। ১০ অক্টোবরের পর থেকে যাওয়া কূটনীতিকদের নিরাপত্তা প্রত্যাহার করার হুমকি দিয়েছে ভারত বলেও জানিয়েছে ফিন্যান্সিয়াল টাইমস।

তবে এ বিষয়ে এখন পর্যন্ত কোনও মন্তব্য জানায়নি ভারত ও কানাডার পররাষ্ট্র মন্ত্রণালয়।

গত জুন মাসে কানাডায় শিখ বিচ্ছিন্নতাবাদী নেতা এবং কানাডিয়ান নাগরিক হরদীপ সিং নিজ্জার হত্যায় ভারতীয় সরকারের এজেন্টদের ভূমিকা ছিল বলে অভিযোগ করেছেন কানাডীয় প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো। যদিও নিজ্জার হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগকে ‘অযৌক্তিক’ বলে উড়িয়ে দিয়েছে ভারত।