বাংলাদেশ সফরে আসছেন সৌদি যুবরাজ

৭০

বাংলাদেশ সফরে আসছেন সৌদি যুবরাজ ও প্রধানমন্ত্রী মোহাম্মদ বিন সালমান আল সৌদ। ঢাকায় নিযুক্ত সৌদি আরবের রাষ্ট্রদূত ঈশা ইউসেফ ঈশা আল-দুহাইলান বিষয়টি নিশ্চিত করেন।

মঙ্গলবার (২৬ সেপ্টেম্বর) ঢাকায় সৌদি দূতাবাসে ৯৩তম সৌদি জাতীয় দিবসের সংবর্ধনা অনুষ্ঠানে এই তথ্য জানান তিনি।

ঈশা ইউসেফ ঈশা আল-দুহাইলান বলেন, বাংলাদেশের স্থিতিশীল সরকার ও অর্থনৈতিক প্রবৃদ্ধির কারণে সৌদির সঙ্গে সম্পর্কটি জোরদার হয়েছে। এ কারণে আগামী বছর বাংলাদেশে আসবেন ক্রাউন প্রিন্স।

এর আগে সৌদি আরবের মক্কায় এক সংবর্ধনা অনুষ্ঠানে শুভেচ্ছা বিনিময়কালে বাংলাদেশের রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনকে দেশটির যুবরাজ বলেছিলেন, সৌদি আরব বাংলাদেশের উন্নয়ন ও অগ্রগতিতে সর্বাত্মক সহযোগিতা দিতে সর্বদা আগ্রহী।

সংবর্ধনা অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগবিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান ও পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম।