ভূমিকম্পে কেঁপে উঠল মিয়ানমার

২১

এবার ৪ দশমিক ৮ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল মিয়ানমার। দেশটির প্রধান বাণিজ্যিক কেন্দ্র ও সাবেক রাজধানী ইয়াঙ্গুন ও তার আশপাশের এলাকাগুলোতে ভূমিকম্প অনুভূত হয়েছে। এক প্রতিবেদনে এমনটি জানিয়েছে বার্তা সংস্থা এএফপি।

যুক্তরাষ্ট্রের ভূতত্ত্ব গবেষণা সংস্থা ইউনাইটেড স্টেটস জিওলজিক্যাল সার্ভের (ইউএসজিএস) বরাত দিয়ে এফএফপি জানায়, শনিবার স্থানীয় সময় রাত ৮ টা ৫৫ মিনিটে ভূমিকম্প অনুভূত হয়।

প্রতিবেদনে আরও বলা হয়, ইয়াঙ্গুন থেকে ৩৯ কিলোমিটার উত্তরে এবং ভূপৃষ্ঠের ১০ কিলোমিটার গভীরে ছিল এই ভূমিকম্পের উৎপত্তিস্থল।

তবে এ ঘটনায় এখন পর্যন্ত কোনো প্রাণহানি বা ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

ভূতাত্ত্বিক গঠনের কারণে বাংলাদেশের সীমান্তবর্তী দেশ মিয়ানমারে ভূমিকম্প প্রায় নিয়মিত একটি প্রাকৃতিক দুর্যোগ। দেশটির আয়তন ৬ লাখ ৭৬ হাজার ৫৭০ বর্গকিলোমিটার।