নির্বিষ বোলিংয়ে পাকিস্তানের কাছে টাইগারদের বড় হার

১৮

শুরুতে টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছিলেন টাইগার অধিনায়ক সাকিব আল হাসান। তার দলের ব্যাটাররা সেই সিদ্ধান্তকে সঠিক প্রমাণ করতে পারেনি। নানা ধাপের ব্যাটিং বিপর্যয়ে পাকিস্তানকে ১৯৪ রানের টার্গেট দিয়েছিল বাংলাদেশ।

জবাবে ব্যাট করতে নেমে শুরুতেই ফখর জামান ও বাবর আজমকে হারায় পাকিস্তান। তবে তাতে খুব একটা ক্ষতি হয়নি পাকিস্তানের। ইমাম-উল হকের দৃঢ় ব্যাটিংয়ে (৮৪ বলে ৭৮ রান) অনেকটাই জয়ের কাছে চলে যায় বাবরের দল।

বাকি কাজটা করেন পাকিস্তানের উইকেট কিপার ব্যাটার মোহাম্মদ রিজওয়ান। দারুণ ফিফটিতে দলকে জয়ের বন্দরে পৌঁছে দেন তিনি। টাইগারদের দেওয়া লক্ষ্য ছুঁতে পাকিস্তানের খোয়া গেছে মাত্র ৩ উইকেট। হাতে ওভার বাকি ছিল আরো ১০.৩ টি।

লাহোরে ম্যাচের আগেই বড় ধাক্কা খায় বাংলাদেশ। চোট নিয়ে আসর থেকে ছিটকে যান ইনফর্ম ব্যাটার নাজমুল শান্ত। তার জায়গায় অভিজ্ঞ ওপেনার লিটন দাস একাদশে ঢুকলেও তাকে খেলানো হয় তিনে। টস জিতে ব্যাটিং নেওয়া সাকিব ও টিম ম্যানেজমেন্ট ওপেনিংয়ে পাঠান আগের ম্যাচে মেক শিফট ওপেনার হিসেবে খেলে সেঞ্চুরি করা মেহেদী মিরাজকে। তিনি এই ম্যাচে গোল্ডেন ডাক মারেন। তার সঙ্গী নাঈম শেখ তৃতীয় ব্যাটার হিসেবে ফিরে যান ২০ রান করে।

ভরসা দিতে পারেননি লিটন দাসও। শাহিন-নাসিমদের শুরু থেকেই সাবলীলভাবে খেলতে শুরু করেন তিনি। ১২ বলে করে ফেলেন ১৬ রান। কিন্তু শাহিনের আউট সুইং করা বলে ব্যাট বাড়িয়ে দিয়ে উইকেটের পেছনে ক্যাচে পরিণত হন। চারে নেমে তাওহীদ হৃদয় ২ রান করে বোল্ড হলে ৪৭ রানে ৪ উইকেট হারায় বাংলাদেশ।