২ ঘণ্টায় ৬১ হাজার বজ্রপাত, ১২ জনের মৃত্যু

২২

ভারতের ওড়িশা রাজ্যজুড়ে দুই ঘণ্টারও কম সময়ে ৬১ হাজার বার বজ্রপাতের ঘটনা ঘটেছে। এতে ১২ জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন আরও ১৪ জন।

সোমবার বিশেষ ত্রাণ কমিশনার সত্যব্রত সাহুর বরাত দিয়ে টাইমস অব ইন্ডিয়া এ খবর জানিয়েছে।

গত শনিবার বজ্রপাতের এই ঘটনা ঘটে।

এদিকে ভারতের আবহাওয়া বিভাগ রাজ্যটিতে আগামী ৭ সেপ্টেম্বর পর্যন্ত চরম আবহাওয়ার সতর্কতা জারি করেছে। বজ্রপাত আরও হতে পারে বলে আশঙ্কা রয়েছে।

এছাড়া বঙ্গোপসাগরে একটি ঘূর্ণিঝড় তৈরি হওয়ার কারণে এ রাজ্যে ব্যাপক বৃষ্টিপাতেরও সতর্কতা জারি করা হয়েছে। এক্ষেত্রে আবহাওয়া অধিদপ্তরের পক্ষ থেকে হলুদ সতর্কতা জারি করা হয়েছে।

এসআরসির খবরে বলা হয়েছে, শনিবারের বজ্রপাতে নিহতদের মধ্যে চারজন খুরদা জেলার, দুইজন বালাঙ্গির এবং একজন করে রয়েছে- আঙ্গুল, বৌধ, ঢেনকানাল, গজপতি, জগৎসিংহপুর এবং পুরী এলাকা। এছাড়া গজপতি এবং কান্ধমাল জেলায় বজ্রপাতের ফলে আটটি গবাদি পশু মারা গেছে।

আবহাওয়া বিজ্ঞানীরা বলছেন, দীর্ঘ বিরতির পর বর্ষা স্বাভাবিক অবস্থায় ফিরে এলে এ ধরনের অস্বাভাবিক ঘটনা ঘটে। এছাড়া ঠাণ্ডা ও উষ্ণ বাতাসের সংঘর্ষে এই ধরনের নজিরবিহীন বজ্রপাতের জন্য উপযুক্ত পরিস্থিতি তৈরি করে।