আমলাতন্ত্র নিয়ে খুশি প্রধানমন্ত্রী

৩৫

প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমলাতন্ত্র নিয়ে খুশি বলে জানিয়েছেন পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান।

জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির সভা শেষে মন্ত্রী এ তথ্য জানান।

মঙ্গলবার (২৯ আগষ্ট) রাজধানীর শেরে বাংলা নগরের এনইসি সম্মেলন কক্ষে একনেক সভাটি অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন একনেক চেয়ারপারসন ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

পরিকল্পনামন্ত্রী বলেন, আমলাতন্ত্র নিয়ে প্রধানমন্ত্রী খুশি। সবাই ভালো কাজ করছেন। তিনি মূল্যস্ফীতি কমানো এবং বিভিন্ন প্রকল্পে অপ্রয়োজনীয় ব্যয় কমানোর জন্য তাগিদ দিয়েছেন।

বিভিন্ন প্রকল্পে গাছ লাগানোসহ দেশের হাসপাতালগুলোতে লোকবল সংকট নিয়েও প্রধানমন্ত্রী নির্দেশনা দিয়েছেন। লোকবল সংকট দূর করতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য বলেছেন।

একনেক সভায় ২০টি প্রকল্প অনুমোদন দেওয়া হয়েছে। এর মধ্যে ১৩টি নতুন, ৭টি প্রকল্প সংশোধন করা হয়েছে। প্রকল্পগুলো বাস্তবায়নে মোট ব্যয় হবে ১৪ হাজার ৭৭ কোটি টাকা।