চমক রেখে এশিয়া কাপের দল ঘোষণা আফগানিস্তানের

১৭

আগামী ৩০ আগস্ট পর্দা উঠতে যাচ্ছে মহাদেশীয় শ্রেষ্ঠত্বের আসর এশিয়া কাপ। টুর্নামেন্টের ষোড়শ আসরটি এবার হাইব্রিড মডেলে শ্রীলঙ্কা ও পাকিস্তানের মাটিতে আয়োজিত হবে। যেখানে আয়োজক পাকিস্তানে হবে কেবল চারটি ম্যাচ, বাকি ৯ ম্যাচ হবে শ্রীলঙ্কায়। আসন্ন বিশ্বকাপকে সামনে রেখে এবারের আসরটি হবে ওয়ানডে ফরম্যাটে।

এশিয়া কাপের দল ঘোষণার নির্ধারিত সময় ছিল গত ১২ আগস্ট। সেই সময় পেরিয়ে আরও সপ্তাহ দুয়েক পর এবার ১৭ সদস্যের দল ঘোষণা করল আফগানিস্তান ক্রিকেট বোর্ড (এসিবি)।

হাশমতউল্লাহ শাহিদির নেতৃত্বে চমক রেখে শক্তিশালী দলই গড়েছে আফগানরা। আলোচিত লেগ স্পিনার নূর আহমেদসহ দলে আছেন বেশ কয়েকজন তরুণ ক্রিকেটার।

আফগানদের এশিয়া কাপের দল ঘোষণায় দেরি হওয়ার মূল কারণ সদ্য সমাপ্ত পাকিস্তান সিরিজ। এই সিরিজের পারফরম্যান্স দেখেই এশিয়া কাপের স্কোয়াড গড়েছে এসিবি। যদিও বাবর আজমের দলের কাছে ৩-০ ব্যবধানে হোয়াইটওয়াশ হয়েছে তারা। এবারের আসরের গ্রুপ ‘বি’-তে থাকা আফগানদের দুই প্রতিপক্ষ বাংলাদেশ এবং স্বাগতিক শ্রীলঙ্কা।

আফগানিস্তান স্কোয়াড: হাশমতউল্লাহ শাহিদি (অধিনায়ক), রহমানুল্লাহ গুরবাজ, ইব্রাহিম জাদরান, রিয়াজ হাসান, রহমত শাহ, নাজিবুল্লাহ জাদরান, মোহাম্মদ নবি, ইকরাম আলীখিল, করিম জানাত, গুলবাদিন নায়েব, রশিদ খান, মুজিব উর রহমান, নূর আহমদ, শরিফউদ্দিন আশরাফ, ফজল হক ফারুকি, আবদুর রহমান , এস সাফি।