ভারতে চলন্ত ট্রেনে ভয়াবহ অগ্নিকাণ্ড, নিহত ৮

১৯

ভারতে চলন্ত ট্রেনে ভয়াবহ অগ্নিকাণ্ডে কমপক্ষে ৮ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও অনেকে। নিহতের সংখ্যা আরও বাড়ার আশঙ্কা রয়েছে।

স্থানীয় সময় শনিবার ভোররাতে তামিলনাড়ুর মাদুরাই স্টেশনের কাছে ট্রেনটির প্যান্ট্রি কারে আগুন লাগে।

প্রাথমিকভাবে জানা গেছে, তীর্থযাত্রীরা কামরার মধ্যেই গ্যাস সিলিন্ডার ব্যবহার করে রান্নার কাজ করছিলেন। সেখান থেকেই আগুন লাগে এবং তা ছড়িয়ে পড়ে। ঘটনার সময় বেশিরভাগ যাত্রীই ঘুমিয়ে ছিলেন। অনেকেই আগুন লাগার পর বগি থেকে বের হতে পারলেও প্রবীণরা পারেননি।

আইআরসিটিসির এই স্পেশাল ট্রেনটি তিরুপতি-রামেশ্বমর থেকে কন্যাকুমারীর দিকে যাচ্ছিল।

ঘটনার আধাঘণ্টার মধ্যেই ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছান। অবশেষে সকাল ৭টা ১৫ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে বলে এক বিজ্ঞপ্তিতে জানায় দক্ষিণ রেলওয়ে। পুলিশ, ফায়ার সার্ভিস এবং রেলওয়ের কর্মীরা আগুন নেভানোর পর বগি থেকে পুড়ে যাওয়া মরদেহগুলো বের করে।

মাদুরাই জেলা কালেক্টর এম এস সঙ্গীতা জানিয়েছেন, ট্রেনের বগিতে আগুনের ঘটনায় ৮ জনের মৃত্যু হয়েছে। আরও ২০ জনকে চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি করা হয়েছে। এখনও চলছে উদ্ধার অভিযান।

দেশটির দক্ষিণ রেলওয়ে বিভাগ জানিয়েছে, নিহতদের পরিবারকে ১০ লক্ষ রূপি করে দেওয়া হবে।

সূত্র : হিন্দুস্তান টাইমস ও ইন্ডিয়ান এক্সপ্রেস