আত্মসমর্পণ করলেন ট্রাম্প, সব অভিযোগ অস্বীকার

১৯

জর্জিয়ার ফুলটন কাউন্টি কারাগারে আত্মসমর্পণ করে নির্বাচনী ফল পাল্টানো মামলায় সব অভিযোগ অস্বীকার করেছেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

বৃহস্পতিবার (২৪ আগস্ট) রাজ্যটির ফুলটন কাউন্টি কারাগারে আত্মসমপর্ণ করেন তিনি। এ নিয়ে তিনি চতুর্থবারের মতো আত্মসমর্পণ করলেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট। খবর বিবিসির।

জর্জিয়া অঙ্গরাজ্যের আটলান্টা শহরের ফুলটন কাউন্টি কারাগারে আনুষ্ঠানিকভাবে গ্রেপ্তার দেখানো হয় তাকে। ট্রাম্পকে গ্রেপ্তারের পর নিয়ম অনুযায়ী কারাগারে তার আঙুলের ছাপ নেওয়ার পাশাপাশি ছবি তোলা হয়। কয়েদির মুখমণ্ডলের ওই ছবিকেই বলা হয় মাগ শট।

যুক্তরাষ্ট্রের ইতিহাসে এই প্রথম দেশটির কোনো সাবেক প্রেসিডেন্টের মাগ শট প্রকাশ পেল।

মাত্র ২০ মিনিট কারাগারে থাকার পর ২ লাখ ডলার মুচলেকা দিয়ে জামিনে মুক্তি পান ট্রাম্প। অবশ্য, শুনানির তারিখ নির্ধারণ হলেই ট্রাম্পকে দিতে হবে আদালতে হাজিরা। তার সাথে এই মামলায় আরও ১৯ জনের নাম এজাহারভুক্ত করা হয়। যাদের মধ্যে সাতজন একইদিন ফুলটন কাউন্টি কারাগারে আত্মসমপর্ণ করেন।

প্রসঙ্গত, ২০২০ সালের নির্বাচনে জর্জিয়া রাজ্যের নির্বাচনী ফল পাল্টানোর দায়ে ট্রাম্প ও তার সহযোগীদের বিরুদ্ধে মামলা করা হয়। ১৩টি অভিযোগ আনা হয়। যার সবগুলো অস্বীকার করেন ট্রাম্প। বর্তমানে সাবেক মার্কিন প্রেসিডেন্টের বিরুদ্ধে রয়েছে ৪টি ফৌজদারি মামলা। সেগুলোয় তার বিরুদ্ধে ৮৩টি অভিযোগ আনা হয়েছে।