ব্রিকসের নতুন সদস্য হলো ৬ দেশ

৩১

ব্রাজিল, রাশিয়া, ভারত, চীন, এবং দক্ষিণ আফ্রিকাকে নিয়ে গঠিত বৈশ্বিক অর্থনৈতিক জোট ব্রিকসে নতুন ছয় দেশকে অন্তর্ভুক্ত করা হয়েছে।

দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট সিরিল রামাফোসা বৃহস্পতিবার এই ছয় দেশের নাম ঘোষণা করেছেন।

নতুন সংযুক্ত দেশগুলো হলো-আর্জেন্টিনা, মিশর, ইথিওপিয়া, ইরান, সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাত। আগামী পহেলা জানুয়ারি থেকে এই নতুন সদস্য পদ কার্যকর হবে। এর ফলে পাঁচ দেশের জোট থেকে নতুন বছরে ১১ দেশের জোটে পরিণত হবে ব্রিকস।

দক্ষিণ আফ্রিকার জোহানেসবার্গে গত মঙ্গলবার ব্রিকস সম্মেলন শুরু হয়। সম্মেলনে যোগ দিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, ব্রাজিলের প্রেসিডেন্ট লুইস ইনাসিও লুলা দা সিলভা, চীনের প্রেসিডেন্ট শি জিনপিং ও রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভ। যুদ্ধাপরাধের অভিযোগে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের বিরুদ্ধে আন্তর্জাতিক গ্রেপ্তারি পরোয়ানা রয়েছে। এই সম্মেলনে ভার্চুয়ালি যুক্ত হন তিনি।

এই পাঁচ দেশ ছাড়াও জোটে যুক্ত হতে আগ্রহী দেশগুলোর প্রতিনিধিরা জোহানেসবার্গে সম্মেলনে যোগ দিয়েছেন। বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাও সম্মেলনে যোগ দিয়েছেন।