জয় পেলো রোনালদোর দল আল নাসের

১৮

এএফসি চ্যাম্পিয়ন্স লিগে জয় পেয়েছে ক্রিস্টিয়ানো রোনালদোর ক্লাব আল নাসের। মঙ্গলবার রাতে আরব আমিরাতের ক্লাবের মাঠে নেমে ৪-২ গোলে হারিয়েছে শাবাব আল আহলিকে। তবে গোল পাননি দলের দুই তারকা রোনালদো ও সাদিও মানে।

ম্যাচের ১১তম মিনিটে গোল করে আল নাসরকে এগিয়ে দেন অ্যান্ডারসন তালিস্কা। ব্রজোভিচের কর্নার থেকে হেডে লক্ষ্য ভেদ করেন এই ব্রাজিলীয়।

তবে ম্যাচের ১৮তম মিনিটের মাথায়ই সমতা আনে শাবাব আল-আহলি। দলের হয়ে গোল করেন ইয়াহিয়া আল-ঘাসানি।

বিরতির পরপরই আল নাসরকে চেপে ধরে আল আহলি। দারুণ ফিনিশিংয়ে নিজের দ্বিতীয় গোল করে ব্যবধান ২-১ করেন আল ঘাসানি।

ম্যাচের ৮৭তম মিনিট পর্যন্ত লিড ধরে রাখে আমিরাতের ক্লাবটি। তবে ৮৮তম মিনিটে আল নাসরকে সমতায় ফেরান সুলতান আল ঘানাম।

এরপর যোগ করা আরো দুই গোল আদায় করে নেয় আল নাসর। প্রথমে দারুণ এক হেডে আল নাসরকে ৩-২ ব্যবধানে এগিয়ে দেন তালিস্কা। পরে আরব আমিরাতের ক্লাবটির কফিনে শেষ পেরেক ঠুকে দেন ব্রজোভিচ। তাতে ৪-২ ব্যবধানের জয়ে এএফসি চ্যাম্পিয়নস লিগের মূল পর্ব নিশ্চিত করল আল নাসর।