ড. ইউনূসের শ্রম আইন লঙ্ঘনের মামলা চলতে কোনো বাধা নেই

৩৩

নোবেলজয়ী অর্থনীতিবিদ ড. মুহাম্মদ ইউনূসের বিরুদ্ধে শ্রম আইন লঙ্ঘনের মামলা চলতে বাধা নেই বলে আদেশ দিয়েছেন আপিল বিভাগ।

রবিবার (২০ আগস্ট) প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকীর নেতৃত্বাধীন আপিল বিভাগ এই আদেশ দেন। আগামী মঙ্গলবার থেকে এ মামলায় সাক্ষ্যগ্রহণ শুরু হবে।

এর আগে গত বৃহস্পতিবার ড. ইউনূসের আবেদনের আপিল শুনানি শেষে আদেশের জন্য আজ দিন ধার্য ছিলো।

এর আগে, গত ৬ জুন শ্রম আইন লঙ্ঘনের মামলায় ড. ইউনূসসহ চারজনের বিরুদ্ধে অভিযোগ গঠন করে আদেশ দেন ঢাকার শ্রম আদালতের বিচারক বেগম শেখ মেরিনা ইসলাম। এরপর ২১ জুন অভিযোগ গঠনের বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে আবেদন করেন ড. ইউনূস। ২৩ জুলাই মামলায় অভিযোগ গঠন কেন বাতিল করা হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেন হাইকোর্ট। কিন্তু গত ৮ আগস্ট জারি করা রুল খারিজ করে দেন হাইকোর্ট। এরপর গত ১০ আগস্ট চেম্বার আদালতে মামলা বাতিল চেয়ে আবেদন করেন ড. ইউনূস।

২০২১ সালের ৯ সেপ্টেম্বর ঢাকার তৃতীয় শ্রম আদালতে কলকারখানা ও প্রতিষ্ঠান অধিদফতরের শ্রম পরিদর্শক আরিফুজ্জামান বাদী হয়ে ড. ইউনূসসহ চারজনের বিরুদ্ধে মামলা দায়ের করেন।

মামলায় ড. ইউনূসের গ্রামীণ টেলিকমের ১০১ জন শ্রমিক-কর্মচারীকে স্থায়ী না করা, শ্রমিকদের অংশগ্রহণের তহবিল ও কল্যাণ তহবিল গঠন না করা এবং কোম্পানির লভ্যাংশের ৫ শতাংশ শ্রমিকদের না দেয়ার অভিযোগ আনা হয়।