সাঈদীর মৃত্যুতে দুঃখ প্রকাশ: ছাত্রলীগের ১৮ নেতাকর্মী বহিষ্কার

২০

জামায়াতে ইসলামীর নেতা দেলাওয়ার হোসাইন সাঈদীর মৃত্যুর পর শোক প্রকাশ করে ফেসবুকে স্ট্যাটাস ও বিভিন্ন প্রতিক্রিয়া প্রকাশ করায় জামালপুরে ছাত্রলীগের ১৮ নেতাকর্মীকে সংগঠন থেকে সাময়িক বহিষ্কার করা হয়েছে।

একইসঙ্গে কেন তাদের বিরুদ্ধে চুড়ান্ত সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে না— মর্মে উপযুক্ত কারণসহ আগামী সাত দিনের মধ্যে নিজে জেলা ছাত্রলীগের দপ্তর সেলে লিখিত জবাব দিতে নির্দেশ দেওয়া হয়েছে।

বুধবার (১৬ আগস্ট) রাতে জেলা ছাত্রলীগের সভাপতি খাবিরুল ইসলাম খান বাবু ও সাধারণ সম্পাদক নাফিউল করিম রাব্বি স্বাক্ষরিত তিনটি প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করা হয়।

বহিষ্কৃত নেতারা হলেন— জেলার ইসলামপুর উপজেলা ছাত্রলীগের সহ-সভাপতি মিজানুর রহমান, সহ-সম্পাদক মুসা আহমেদ, ইসলামপুর সরকারি কলেজ শাখা ছাত্রলীগের সদস্য মুরসালিন উদ্দিন, কর্মী মো. আব্দুল কাইয়ুম, মো. জয় মামুন, গাইবান্ধা ইউনিয়ন ছাত্রলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মনির সরকার, চরপুটিমারী ইউনিয়ন ছাত্রলীগের সহ-সভাপতি আমিনুল ইসলাম, নোয়ারপাড়া ইউনিয়ন ছাত্রলীগের সহ-সভাপতি আশিকুর রহমান আশিক, মেলান্দহ উপজেলা ছাত্রলীগের সমাজসেবা সম্পাদক মো. ইউসুফ আলী, সদস্য আশরাফুল সালেহিন রিয়াদ, মেলান্দহ পৌর শাখা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক আসিফ আহমেদ, মেলান্দহ সরকারি কলেজ শাখা ছাত্রলীগের সহ-সভাপতি মেহেদী হাসান সেতু, নাংলা ইউনিয়ন ছাত্রলীগের দপ্তর সম্পাদক মো. বরকতুল্লাহ ফারাজী, হাজরাবাড়ী পৌর শাখার অন্তর্গত ১নং ওয়ার্ড শাখা ছাত্রলীগের সভাপতি ফাহিম চৌধুরী, কুলিয়া ইউনিয়ন শাখার অন্তর্গত ২নং ওয়ার্ড শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক সুমন ইসলাম সানি, জামালপুর সদর উপজেলার (পূর্ব) শরিফপুর ইউনিয়ন শাখার অন্তর্গত ৯নং ওয়ার্ড ছাত্রলীগের সভাপতি মো. সাইম কবির ও বকশিগঞ্জ উপজেলা ছাত্রলীগের যুগ্ম-আহ্বায়ক শোয়েব আল হাসান এবং দেওয়ানগঞ্জ উপজেলার সানন্দবাড়ি সাংগঠনিক থানা শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মাজেদুল ইসলাম মুসা।

এ বিষয়ে জামালপুর জেলা ছাত্রলীগের সভাপতি বাবু বলেন, একজন যুদ্ধাপরাধীর মৃত্যুতে শোক প্রকাশ করায় তাদের বিরুদ্ধে এই ব্যবস্থা নেওয়া হয়েছে।

সাধারণ সম্পাদক রাব্বি বলেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমানের হাতে গড়া সংগঠন বাংলাদেশ ছাত্রলীগ। সংগঠনের নীতি আদর্শ এবং শৃঙ্খলা ভঙ্গ করার সুযোগ নেই। নীতি আদর্শ পরিপন্থি কাজের জন্য তাদের অব্যাহতি দেওয়া হয়েছে।