দিনাজপুরের পৌর মেয়রকে হাইকোর্টে তলব

২৪

বিএনপি চেয়ারপাসন বেগম খালেদা জিয়ার রায় প্রসঙ্গে সুপ্রিম কোর্টের বিচারপতি এম ইনায়েতুর রহিমকে নিয়ে অশালীন মন্তব্য করায় দিনাজপুর পৌরসভার মেয়র জাহাঙ্গীর আলমকে তলব করেছেন আপিল বিভাগ।

বৃহস্পতিবার (১৭ আগস্ট) প্রধান বিচারপতির নেতৃত্বাধীন ৬ বিচারপতির আপিল বেঞ্চ তলবের এ আদেশ দেন।

আগামী ২৪ আগস্ট সকাল ৯টায় জাহাঙ্গীর আলমকে আপিল বিভাগে হাজির হয়ে তার বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগের বিষয়ে ব্যাখ্যা দিতে বলা হয়েছে। এ ছাড়া দিনাজপুরের মেয়র জাহাঙ্গীরের আপত্তিকর বক্তব্যের ভিডিওটি অপসারণ করতে বিটিআরসির চেয়ারম্যানকে নির্দেশ দেয়া হয়েছে।

আদালতে অভিযোগের পক্ষে শুনানি করেন আইনজীবী শাহ মনজুরুল হক। রাষ্ট্রপক্ষে শুনানি করেন অ্যাটর্নি জেনারেল এ এম আমিন উদ্দিন। আর জাহাঙ্গীর আলমের পক্ষে ছিলেন ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল।

গত ৩ আগস্ট বিএনপির ঘোষিত কর্মসূচির বক্তব্যে খালেদা জিয়ার মামলার রায়দানকারী বিচারপতি এম ইনায়েতুর রহিমকে নিয়ে বিরূপ মন্তব্য করেন পৌর মেয়র জাহাঙ্গীর আলম।

সেই বক্তব্য সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে আদালতের নজরে আনেন সুপ্রিম কোর্টের ৪ আইনজীবী।

এরা হলেন- আইনজীবী হারুন অর রশীদ, আইনজীবী মাহফুজুর রহমান রোমান, আইনজীবী মো. মনিরুজ্জামান রানা ও আইনজীবী শফিক রায়হান শাওন।