চিকিৎসককে হত্যার হুমকি দেওয়া তাফসিরুল শিবিরকর্মী: র‍্যাব

৩৯

মানবতাবিরোধী অপরাধে দণ্ডিত জামায়াত নেতা মাওলানা দেলাওয়ার হোসাইন সাঈদীকে চিকিৎসা দেওয়া বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের চিকিৎসক এস এম মোস্তফা জামানকে হুমকিদাতা গ্রেপ্তারকৃত তাফসিরুল ইসলাম ছাত্রশিবিরের একজন সক্রিয় সদস্য।

তার বাবা রফিকুল ইসলাম রফিও এলাকার জামায়াতে ইসলামীর কর্মী। ২০১৩-১৪ সালে এলাকায় নাশকতা সৃষ্টির অপরাধে রফির বিরুদ্ধে একাধিক মামলা হয় এবং তিনি কারাভোগ করেন।

র‍্যাব জানায়, ব্যক্তিগত ক্ষোভ ও আক্রমণ থেকে ভয়ভীতি দেখানোর জন্যই তাফসিরুল ওই চিকিৎসককে হত্যার হুমকি দেন। চিকিৎসায় সাঈদীর পরিবারও সন্তুষ্টি প্রকাশ করেছে। তারপরও যারা এ চিকিৎসককে হেয় করে কথা বলছেন ও হুমকি দিচ্ছেন তাদের সবাইকে আইনের আওতায় আনতে র‍্যাব কাজ করছে।

বৃহস্পতিবার (১৭ আগস্ট) দুপুরে রাজধানীর কারওয়ান বাজার র‍্যাব মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব কথা জানান র‍্যাবের লিগ্যাল আ্যন্ড মিডিয়া উইংয়ের পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন।

সংবাদ সম্মেলনে বলা হয়, তাফসিরুল ইসলাম প্রাথমিক জিজ্ঞাসাবাদে চিকিৎসককে হত্যার হুমকি দেওয়ার বিষয়টি স্বীকার করেছেন। ফেসবুকে ও মোবাইলে মেসেজ দিয়ে তিনি এই হুমকি দেন। এছাড়া জামায়াত নেতা সাঈদীর মৃত্যুকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগ মাধ্যমে অপপ্রচার চালান বলেও স্বীকার করেছেন।

এর আগে বুধবার রাতে ঝিনাইদহের মহেশপুর থেকে তাফসিরুলকে গ্রেফতার করে র‍্যাব।