এইচএসসি পরীক্ষার্থীদের মানতে হবে যেসব নির্দেশনা

৩৪

সারাদেশে একযোগে আটটি সাধারণ শিক্ষা বোর্ডের অধীনে শুরু হয়েছে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) পরীক্ষা। পরীক্ষায় অংশ নিতে মানতে হবে বেশকিছু নির্দেশনা।

বৃহস্পতিবার (১৭ আগস্ট) সকাল ১০টায় পরীক্ষা শুরু হয় যা চলবে দুপুর ১টা পর্যন্ত।

প্রথমদিনে ঢাকা, রাজশাহী, যশোর, কুমিল্লা, বরিশাল, সিলেট, দিনাজপুর ও ময়মনসিংহ বোর্ডে বাংলা প্রথমপত্রের পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। এতে অংশ নিয়েছেন ১০ লাখেরও বেশি শিক্ষার্থী।

পরীক্ষা শুরুর আধাঘণ্টা আগে পরীক্ষার্থীদের কেন্দ্র প্রবেশ করতে হবে। মোবাইল ফোন নিয়ে কেন্দ্রে প্রবেশ করা যাবে না। এ ছাড়া প্রোগ্রামেবল কোনো ধরনের ক্যালকুলেটর ব্যবহার করা যাবে না।নন-প্রোগ্রামেবল সায়েন্টিফিক ক্যালকুলেটর ব্যবহার করা যাবে। প্রত্যেক পরীক্ষার্থীকে উত্তরপত্রে রোল নম্বর, রেজিস্ট্রেশন নম্বর, বিষয় কোড ইত্যাদি ওএমআর ফরমে লিখে বৃত্ত ভরাট করবে। কোনো অবস্থাতেই মার্জিনের মধ্যে লেখা বা অন্য কোনো প্রয়োজনে উত্তরপত্র ভাঁজ করা যাবে না। পরীক্ষাকেন্দ্রে ভারপ্রাপ্ত কর্মকর্তা ছাড়া আর কেউ মোবাইল ব্যবহারও করতে পারবেন না। তবে সেটিও ছবি তোলা যায় না- এমন মোবাইল হতে হবে।

সকাল সাড়ে ৯টায় উত্তরপত্র ও ওএমআর শিট বিতরণ করা হবে। এরপর ১০টায় বহুনির্বাচনী প্রশ্ন দেওয়া হবে। সাড়ে ১০টায় ওএমআর শিট সংগ্রহ করে সৃজনশীল প্রশ্ন বিতরণ করা হবে।

পরীক্ষার্থীদের তত্ত্বীয়, বহুনির্বাচনী ও ব্যবহারিক অংশে পৃথকভাবে পাস করতে হবে। প্রত্যেক পরীক্ষার্থী কেবল রেজিস্ট্রেশন কার্ড ও প্রবেশপত্রের উল্লেখিত বিষয়ে পরীক্ষায় অংশ নিতে পারবেন। অন্য বিষয়ের পরীক্ষা দিতে পারবেন না।