বৃহস্পতিবার থেকে শুরু ৮ বোর্ডের এইচএসসি পরীক্ষা

৫৭

আগামীকাল বৃহস্পতিবার (১৭ আগস্ট) থেকে চলতি বছরের ৮টি সাধারণ শিক্ষাবোর্ডের অধীনে এইচএসসি পরীক্ষা অনুষ্ঠিত হবে।

এইচএসসি পরীক্ষার্থীদের প্রথমদিন সকাল ১০টায় অনুষ্ঠিত হবে বাংলা প্রথম পত্রের পরীক্ষা। প্রাকৃতিক দুর্যোগের কারণে এবার ৩টি শিক্ষাবোর্ডের প্রথম ৪টি পরীক্ষা স্থগিত করা হয়েছে। ফলে এসব বোর্ডের এইচএসসি পরীক্ষা শুরু হবে আগামী ২৭ আগস্ট থেকে।

এবার ১১টি শিক্ষাবোর্ডের অধীনে পরীক্ষায় অংশ নেওয়ার কথা ছিল ১৩ লাখ ৫৯ হাজার ৩৪২ জন পরীক্ষার্থীর। তবে ৮টি বোর্ডে ১০ লাখ ৭ হাজার ২৪১ জন অংশ নেবেন প্রথমদিনের পরীক্ষায়।

পরীক্ষা সুষ্ঠু ও সুশৃঙ্খল পরিবেশে অনুষ্ঠানের জন্য নানামুখী উদ্যোগ নেওয়া হয়েছে। চলতি বছর সকল বিষয়ে পূর্ণ নম্বর ও পূর্ণ সময়ে পরীক্ষার্থীরা অংশ নেবে। তবে আইসিটিতে ১০০ নম্বরের পরিবর্তে ৭৫ নম্বরের পরীক্ষা হবে।

পরীক্ষা উপলক্ষে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি রাজধানীর তেজগাঁও কলেজ কেন্দ্র পরিদর্শন করবেন বলে জানিযেছেন শিক্ষা মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা এম এ খায়ের।

এদিকে এইচএসসি ও সমমান পরীক্ষাকে কেন্দ্র করে ১৪ আগস্ট থেকে কোচিং সেন্টার বন্ধ রয়েছে। আগামী ২৫ সেপ্টেম্বর পর্যন্ত সারা দেশে ৪৩ দিন কোচিং সেন্টার বন্ধ থাকবে।