এবার দুদকের কাঠগড়ায় বাফুফের নারী ফুটবলের প্রধান কিরণ

১৮

বিভিন্ন আর্থিক অনিয়ম ও দুর্নীতির গুরুত্বপূর্ণ কিছু তথ্য চেয়ে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) নারী ফুটবল লীগের চেয়ারম্যান মাহফুজা আক্তার কিরণকে জিজ্ঞাসাবাদ করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

বুধবার (৯ আগস্ট) দুপুরে দুদকের প্রধান কার্যালয়ে তাকে জিজ্ঞাসাবাদ করেন দুদকের অনুসন্ধান কর্মকর্তা উপপরিচালক মো. ইয়াছির আরাফাত।

কিরণের বিরুদ্ধে অবৈধভাবে অর্থ আত্মসাৎ ও ঢাকায় ফ্ল্যাট ক্রয়সহ অবৈধ সম্পদের অভিযোগ রয়েছে। এসব অভিযোগ অনুসন্ধানে জিজ্ঞাসাবাদ করতে তাকে ডেকেছে দুদক।

একই ধরনের অভিযোগে গতকাল মঙ্গলবার বাফুফের সাধারণ সম্পাদক আবু নাঈম সোহাগকে জিজ্ঞাসাবাদ করা হয়। জিজ্ঞাসাবাদে কেনাকাটায় কোনো দুর্নীতি হয়নি বলে দাবি করেন তিনি। এ ছাড়াও ফিফা বা বাফুফে কেউই আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হয়নি বলেও দাবি করেন।

এর আগে, আর্থিক জালিয়াতির অভিযোগ এনে চলতি বছরের এপ্রিলে বাফুফের সাবেক সাধারণ সম্পাদক আবু নাঈম সোহাগকে নিষিদ্ধ করেছিল ফিফা। এর জের ধরে গত ৩ মে বাফুফের কর্মকর্তাদের বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগ অনুসন্ধান চেয়ে দুদক চেয়ারম্যান বরাবর আবেদন করেছিলেন সুপ্রিম কোর্টের আইনজীবী সৈয়দ সায়েদুল হক সুমন। এতে কোনো ফল না পেয়ে তিনি ১৪ মে হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় রিট দায়ের করেন। রিটের প্রাথমিক শুনানি নিয়ে ১৫ মে হাইকোর্ট রুলসহ আদেশ দেন।