প্রয়োজনের তাগিদে ডিজিটাল নিরাপত্তা আইন পরিবর্তন: স্বরাষ্ট্রমন্ত্রী

১১২

প্রয়োজনের তাগিদে ডিজিটাল নিরাপত্তা আইন পরিবর্তন করা হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।

সোমবার (৭ আগস্ট) সন্ধ্যায় জাতীয় জাদুঘরের নলিনীকান্ত ভট্টশালী গ্যালারিতে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সহধর্মিনী বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব রেণুর জীবন ও কর্মভিত্তিক চলচ্চিত্র ‘বঙ্গবন্ধুর রেণু’ এর লোগো ও ওয়েবসাইট উন্মোচন অনুষ্ঠান শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ডিজিটাল নিরাপত্তা আইনটার কিছু কিছু অংশ পরিবর্তন করা হয়েছে। জেল কমিয়ে জরিমানার অংশটা বাড়ানো হয়েছে। আইনমন্ত্রী এটার সুন্দরভাবে ব্যাখ্যাও দিয়েছেন।

নতুন এ আইনে আইনশৃঙ্খলার উন্নতি হবে কি না এমন প্রশ্নের জবাবে আসাদুজ্জামান খান বলেন, আইনশৃঙ্খলার উন্নতি তো আমরা সবসময়ই করে যাচ্ছি। আমরা আইনটা সংশোধন করেছি। অনেকেরই এ আইনের প্রতি যে সমস্ত অবজারভেশন (পর্যবেক্ষণ) ছিল সেগুলো মাথায় নিয়েই এটার পরিবর্তন করা হয়েছে।

তিনি আরও বলেন, এখানে আইনশৃঙ্খলার কোনো প্রশ্ন আসে না। আইনশৃঙ্খলা রক্ষায় যা যা করণীয় আইনশৃঙ্খলা বাহিনী সবসময়ই করে যাচ্ছে এবং করবে।