মোদির সঙ্গে বৈঠক করতে ভারত যাচ্ছেন আ.লীগ নেতারা

১৬

ক্ষমতাসীন দল বিজেপির আমন্ত্রণে ভারতের আজ রবিবার নয়াদিল্লি সফরে যাচ্ছে আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাকের নেতৃত্বে পাঁচ সদস্যের একটি প্রতিনিধিদল।

শনিবার (৫ আগস্ট) সন্ধ্যায় প্রতিনিধি দলের একজন সদস্য এই তথ্য নিশ্চিত করেছেন।

আওয়ামী লীগের প্রতিনিধিদলে কৃষিমন্ত্রী ড. আব্দুর রাজ্জাক ছাড়া আরও থাকছেন দলের যুগ্ম-সাধারণ সম্পাদক এবং তথ্য ও সম্প্রচারমন্ত্রী হাছান মাহমুদ, সাংগঠনিক সম্পাদক সুজিত রায় নন্দী, নির্বাহী কমিটির সদস্য মেরিনা জাহান ও সংসদ সদস্য আরমা দত্ত।

আওয়ামী লীগের একাধিক সূত্র জানায়, ভারতীয় জনতা পার্টির (বিজেপি) আমন্ত্রণে আওয়ামী লীগ প্রতিনিধিদলের তিন দিনের এই সফরে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে বৈঠক হওয়ার সম্ভাবনা রয়েছে। এ ছাড়াও সরকারের অন্যদের মধ্যে ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর ও জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভালের সঙ্গে বৈঠক হওয়ার কথা রয়েছে। ভারতীয় জনতা পার্টির (বিজেপি) সভাপতি জে পি নাড্ডাসহ রাজনৈতিক নেতাদের সঙ্গেও বৈঠক হবে।

জানা গেছে, এই সফরে আগামী নির্বাচন নিয়ে আওয়ামী লীগের পরিকল্পনা, ভারতের মনোভাব এবং সম্ভাব্য সহযোগিতার ক্ষেত্রগুলো নিয়ে আলোচনা হতে পারে।

এর আগে প্রথমে গত ২০ জুলাই প্রতিনিধি দলটির সফর হওয়ার কথা ছিল। পরে তা পিছিয়ে ২৯ জুলাই নির্ধারণ করা হয়। এরপরেও ভারতের প্রধানমন্ত্রী ও গুরুত্বপূর্ণ ব্যক্তিদের সময়সূচি ফাঁকা না পাওয়ায় সফর পুনরায় পেছানো হয়েছে।