কংগ্রেসম্যানদের চিঠিকে ‘গুরুত্ব দিচ্ছে না’ সরকার

৩৮

সম্প্রতি ১৪ মার্কিন কংগ্রেসম্যান জাতিসংঘে যুক্তরাষ্ট্রের স্থায়ী প্রতিনিধির কাছে বাংলাদেশ নিয়ে নেতিবাচক চিঠি দিয়েছেন। এর আগেও একাধিক কংগ্রেসম্যান মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ও পররাষ্ট্রমন্ত্রী এন্থনি ব্লিনকেনের কাছে চিঠি দিয়েছিলেন। কিন্তু ওই চিঠিগুলোকে সরকার ‘গুরুত্ব দিচ্ছে না’ বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলম।

সোমবার (৩১ জুলাই) সন্ধ্যায় পররাষ্ট্র মন্ত্রণালয়ে ১৪ কংগ্রেসম্যানদের চিঠির বিষয়ে দৃষ্টি আকর্ষণ করা হলে এসব কথা জানান তিনি।

মন্ত্রী বলেন, রাজনৈতিক নেতা বা কংগ্রেসম্যানরা লিখছেন। কিন্তু স্টেট ডিপার্টমেন্টের সঙ্গে আমাদের খুবই গঠনমূলক বৈঠক হয়েছে বেশ কয়েকটি। যে বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করেছি ও যে অগ্রগতি হয়েছে এবং সেগুলোয় তারা প্রশংসা করেছে।

এ ধরনের যোগাযোগ থাকলে সেদিন খুব বেশি দূরে নয় যে র‌্যাবের ওপর নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হবে বলেও জানান তিনি।

সম্প্রতি বাংলাদেশ ইস্যুতে জাতিসংঘে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত লিন্ডা টমাস গ্রিনফিল্ডকে চিঠি দেন যুক্তরাষ্ট্রের ১৪ কংগ্রেসম্যান। এ নিয়েই কথা বলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী।