আওয়ামী লীগ কখনো পালায় না: প্রধানমন্ত্রী

১৮

পলাতক আসামির তত্ত্বাবধায়নে বিএনপি বড় বড় কথা বলে আর পাচারের টাকায় আন্দোলন করে বলে অভিযোগ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বলেন, আওয়ামী লীগ কখনো পালায় না।

মঙ্গলবার (১ আগস্ট) শোকাবহ আগস্ট ও জাতীয় শোক দিবস উপলক্ষে রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশন মিলনায়তনে স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি ও আলোচনা সভায় একথা বলেন তিনি।

এ সময় আওয়ামী লীগ প্রতিশোধে বিশ্বাসী না উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, আমাদের যে নির্যাতন করা হয়েছে, তার একভাগ প্রতিশোধ নিলেও ওদের হদিস পাওয়া যেতো না। সন্ত্রাসী, জঙ্গিবাদী কর্মকাণ্ডের কারণে ওরা প্রত্যাখ্যাত।

এ সময় বিএনপির আন্দোলনের অর্থের উৎস নিয়েও প্রশ্ন তোলেন প্রধানমন্ত্রী। বলেন, বিএনপির আন্দোলনের জন্য কোথা থেকে এতো টাকা পাচ্ছে? এসব পাচারের টাকা।

অনেক ঘাত-প্রতিঘাত পেরিয়ে কেবল ক্ষমতায় আসা নয়, আমরা প্রমাণ করতে পেরেছি একমাত্র আওয়ামী লীগই পারে বাংলার মানুষের উন্নতি করতে। আমরা সব সময় মানুষের পাশে থাকি, মানুষের পাশে থাকাটাই আমাদের দায়িত্ব ও লক্ষ্য বলেও জানান সরকারপ্রধান।

বাংলাদেশের মানুষকে নিয়ে ছিনিমিনি খেলতে দেয়া হবে না উল্লেখ করে তিনি বলেন, বাংলার মানুষের যতটুকু উন্নতি হয়েছে, আওয়ামী লীগের হাত ধরেই এসেছে।

বক্তব্যে ডেঙ্গু সম্পর্কে সবাইকে সচেতন হবার এবং মশক নিধনে নেতাকর্মীদের ভূমিকা রাখার আহবান জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা।