পাকিস্তানে আত্মঘাতী বোমা হামলায় নিহত বেড়ে ৪৫

২৩

পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া প্রদেশে ভয়াবহ বোমা হামলায় ৪৫ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন দুইশরও বেশি মানুষ।

রবিবার (৩০ জুলাই) বিকালে খাইবার পাখতুনখোয়ার বাজুয়ার জেলায় জমিয়ত উলামা ইসলাম-ফজলের একটি সম্মেলনে এ বোমা হামলা হয়। সম্মেলনে অন্তত ৪০০ নেতাকর্মী উপস্থিত ছিলেন।

সোমবার (৩১ জুলাই) এক প্রতিবেদনে দেশটির সংবাদমাধ্যম ডন এ তথ্য জানায়।

এ বিষয়ে কেপির স্বাস্থ্যমন্ত্রী রিয়াজ আনোয়ার জানান, এটি একটি আত্মঘাতী হামলা ছিল। বোমা বহনকারী ব্যক্তি মঞ্চের কাছাকাছি এসে নিজের শরীররেই বিস্ফোরণ ঘটায়। এ ঘটনায় ৪৫ জনের মৃত্যু ও ১০০ জনের বেশি আহত হওয়ার বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

পুলিশ জানায়, ঘটনাস্থল থেকে বল বিয়ারিং ও অন্যান্য বিস্ফোরক আলামত সংগ্রহ করা হয়েছে। তদন্ত চলছে, অপরাধীদের শিগগিরই গ্রেপ্তার করা হবে।

এ ঘটনায় দলটির জ্যেষ্ঠ নেতা মাওলানা জিয়াউল্লাহ জান নিহত হন।