আন্দোলনে আপত্তি নেই, জ্বালাও পোড়াও সহ্য করা হবে না: প্রধানমন্ত্রী

২০

আন্দোলনের নামে জ্বালাও পোড়াও করলে সহ্য করা হবে না বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

সোমবার (৩১ জুলাই) রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে বঙ্গবন্ধু জনপ্রশাসন পদক প্রদান অনুষ্ঠানে তিনি এ কথা জানান। বলেন, যারা আন্দোলন সংগ্রাম যাই করুক, আমাদের আপত্তি নেই; তবে জ্বালাও পোড়াও কখনো সহ্য করা হবে না। বাংলাদেশের ভাগ্য নিয়ে আর কাউকে ছিনিমিনি খেলতে দেবো না।

এ সময় নেতাকর্মীদের উদ্দেশ্যে তিনি বলেন, একটা কথা মনে রাখবেন আমাদের মহান মুক্তিযুদ্ধে যারা আমাদের সমর্থন করেনি, তাদের মনের বৈরিতা কিন্তু এখনো কেটে যায়নি। কিন্তু সেটা অতিক্রম করেই কিন্তু আমরা এগিয়ে যাচ্ছি। বাংলাদেশ এগিয়ে যাবে।

জনপ্রশাসনের কর্মকর্তাদের উদ্দেশে তিনি বলেন, স্বাধীনতা ব্যর্থ হতে পারে না। স্বাধীনতার সুফল প্রতি ঘরে ঘরে পৌঁছে দেবো। আপনারা আন্তরিকতার সঙ্গে কাজ করেছেন বলেই বাংলাদেশ উন্নয়নশীল দেশের মর্যাদা পেয়েছে।

আজকের বাংলাদেশ বিশ্বে উন্নয়নের রোল মডেল হিসেবে স্বীকৃতি পেয়েছে বলেও জানান সরকারপ্রধান।