হুঁশিয়ারি দিলেন স্বরাষ্ট্রমন্ত্রী

২০

আন্দোলনের নামে কেউ রাস্তা-ঘাট বন্ধ, ভাঙচুর ও অগ্নিসংযোগ করলে নিরাপত্তা বাহিনী বসে থাকবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।

রোববার (৩০ জুলাই) শিল্পকলা একাডেমিতে এক আলোচনাসভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ হুঁশিয়ারি দেন।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, রাজনৈতিক দলগুলো নিয়মতান্ত্রিকভাবে আন্দোলন, সমাবেশ করবে- এতে আমাদের কোনো বাধা নেই। কিন্তু জনদুর্ভোগ সৃষ্টি, রাস্তা-ঘাট বন্ধ, সড়কে যান চলচল বন্ধ করা আইনত দণ্ডনীয় অপরাধ। এগুলো করতে নিরাপত্তা বাহিনী বসে থাকবে না। তারা তাদের দায়িত্ব পালন করবে।

তিনি বলেন, অগ্নিসংযোগের মাধ্যমে ২০১৪-১৫ সালেও মতো শনিবারও বিএনপি ঢাকাকে সংযোগ বিচ্ছিন্ন করতে চেয়েছিল। তারা অবস্থান কর্মসূচি বাদ দিয়ে রাজপথে এসে ভাঙচুর শুরু করেছে। এরমাধ্যমে তারা আইন বিরোধী কার্যকলাপ করেছে।

এ সময় মাদক দমনের বিষয়ে আসাদুজ্জামান খান কামাল বলেন, মাদক দমনে মিয়ানমারের কোনো সাড়া পাচ্ছি না। তাদের সঙ্গে বারবার মিটিং করে আশ্বাস পাই। কিন্তু উল্লেখযোগ্য কোনো সাড়া নেই।