বিএনপির নতুন কর্মসূচি ঘোষণা

১৭

আজকের ‘শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচিতে হামলা ও গ্রেপ্তারের’ প্রতিবাদে আগামী ৩১ জুলাই সারাদেশের সব মহানগরে সমাবেশ কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি।

শনিবার (২৯ জুলাই) সন্ধ্যায় গুলশান বিএনপির চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে সংবাদ সম্মেলনে কর্মসূচির ঘোষণা দেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

ফখরুল ইসলাম আলমগীর বলেন, আমরা আগামীকাল রোববারেই এই কর্মসূচি পালন করতাম। কিন্তু আওয়ামী লীগ কর্মসূচি দেওয়ায় আমরা পরের দিন সোমবার সারাদেশে জনসমাবেশ করবো। যাতে করে কোনো ধরনের সহিংসতা সৃষ্টি না হয়।

এসময় গাড়িতে আগুন দেওয়া প্রসঙ্গে বিএনপি মহাসচিব বলেন, তারা নিজেরা অপরাধ করে বিএনপির ওপর দায় চাপাচ্ছে। আমরা আশা করছি তারা এই কর্মকাণ্ড থেকে বিরত থাকবে।

এ সময় বিএনপির শান্তিপূর্ণ অবস্থানে পুলিশ ও আওয়ামী লীগের হামলার তীব্র নিন্দা-প্রতিবাদ জানান তিনি।

এর আগে, শুক্রবার (২৮ জুলাই) মহাসমাবেশ থেকে শনিবার ঢাকার গুরুত্বপূর্ণ প্রবেশমুখে অবস্থান কর্মসূচি ঘোষণা করে বিএনপি। বিএনপি কর্মসূচি ঘোষণার পর ঢাকার গুরুত্বপূর্ণ প্রবেশ মুখে শান্তি সমাবেশের ঘোষণা দেয় আওয়ামী লীগও। কিন্তু ডিএমপি থেকে অনুমতি না পাওয়ায় অবস্থান কর্মসূচি থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দেয় ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগ।