গয়েশ্বরকে নেওয়া হলো ডিবি কার্যালয়ে

৩৫

ধোলাইখালে পুলিশের সঙ্গে বিএনপির নেতাকর্মীদের সংঘর্ষের সময় বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়কে হেফাজতে নেয় পুলিশ। পরে তাকে জিজ্ঞাসাবাদের জন্য ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) কার্যালয়ে আনা হয়।

শনিবার (২৯ জুলাই) দুপুর ১টা ১০ মিনিটে এ তথ্য নিশ্চিত করেছেন ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের উপপুলিশ কমিশনার (ডিসি) মো. ফারুক হোসেন।

ডিবি কার্যালয়ে নেওয়ার আগে তাকে চিকিৎসার জন্য রাজারবাগ পুলিশলাইনস হাসপাতালে নেওয়া হয়।

ঢাকার প্রবেশমুখে বিএনপির অবস্থান কর্মসূচিকে কেন্দ্র করে রাজধানীর বিভিন্ন স্থানে সংঘর্ষের ঘটনায় এখন পর্যন্ত বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়, ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমানউল্লাহ আমান ও ঢাকা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক আব্দুস সালাম আজাদসহ বেশ কয়েকজন নেতাকর্মীকে আটক করেছে পুলিশ।

উল্লেখ্য, নয়াবাজারে কর্মসূচি পালনের সময় বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় গুরুতর আহত হন এবং তার মাথা থেকে রক্ত ঝরতে দেখা যায়। এ সময় পুলিশ তাকে প্রথমে একটি বন্ধ দোকানের শাটার তুলে তার মধ্যে প্রবেশ করায়। পরে সেখান থেকে বের করে একটি পুলিশ ভ্যানে তোলা হয়।