ঢাকার প্রবেশ মুখে অবস্থান করলে তাদের যাওয়ার রাস্তা বন্ধ করে দেব : কাদের

১৯

বিএনপির উদ্দেশ্যে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সড়ক পরিবহণ এবং সেতু মন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, আওয়ামী লীগ বঙ্গবন্ধু, শেখ হাসিনার অতন্দ্র প্রহরীর মতো অবস্থান করবে। আপনারা ঢাকার প্রবেশমুখে অবস্থান করবেন। আমরা তাহলে আপনাদের যাওয়ার রাস্তা বন্ধ করে দেব। আমরা কারো চোখ রাঙানিকে ভয় পাই না।

শুক্রবার (২৮ জুলাই) বিকেল আওয়ামী লীগের অঙ্গ সংগঠন যুবলীগ, ছাত্রলীগ ও স্বেচ্ছাসেবক লীগের উদ্যোগে শান্তি সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এ কথা বলেন।

বিএনপি আয়োজিত মহাসমাবেশে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ঘোষণা দিয়েছেন, আগামীকাল সকাল ১১টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ঢাকার সব গুরুত্বপূর্ণ প্রবেশপথে অবস্থান কর্মসূচি পালন করবে দলটি। তাদের এমন কর্মসূচি ঘোষণার পর এ কথা বলেন ওবায়দুল কাদের।

তিনি বলেন, আওয়ামী লীগ দেশি-বিদেশি কারো চোখ রাঙানিকে ভয় পায় না। বলতে চাই, আওয়ামী লীগের শিকড় অনেক গভীরে। সহজে আওয়ামী লীগকে উৎখাত করা যাবে না।

শান্তি সমাবেশে মতিয়া চৌধুরী, কামরুল ইসলাম, শাজাহান খান, আব্দুর রাজ্জাক, মাহবুবুল আলম হানিফসহ আরও নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।