২৯০ এমপির শপথের বৈধতা নিয়ে আপিল শুনানি রোববার পর্যন্ত মুলতবি

একাদশ জাতীয় সংসদের ২৯০ এমপির শপথের বৈধতা চ্যালেঞ্জ করে দায়ের করা রিট খারিজের বিরুদ্ধে করা লিভ-টু আপিলের শুনানি রোববার পর্যন্ত মুলতবি ঘোষণা করেছে আপিল বিভাগ।

বৃহস্পতিবার (২৭ জুলাই) সকালে প্রধান বিচারপতির নেতৃত্বাধীন ৭ সদস্যের আপিল বেঞ্চে শুনানি শেষে মুলতবি করেন।

ব্যরিস্টার মাহবুব উদ্দিন খোকনের আবেদনের প্রেক্ষিতে এ মুলতবি করা হয়। এ সময় রাষ্ট্রপক্ষে ছিলেন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল শেখ মুহম্মদ মোরশেদ।

২০১৮ সালের ৩০ ডিসেম্বর একাদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়। ২০১৯ সালের ৩ জানুয়ারি ২৯০ সংসদ সদস্য শপথ নেন।

আর ২০১৪ সালের ৫ জানুয়ারি দশম জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচিত সদস্যরা ওই বছরের ৯ জানুয়ারি শপথ নেন। একই বছরের ২৯ জানুয়ারি ওই সংসদের প্রথম অধিবেশন বসে।

সংবিধানের ৭২ (৩) অনুচ্ছেদ অনুসারে, সংসদের মেয়াদ গণনা হবে প্রথম অধিবেশন থেকে পাঁচ বছর। সেই অনুযায়ী দশম সংসদের মেয়াদ পূর্ণ না হতেই একাদশ সংসদের সদস্যরা শপথ নিয়েছেন। এর প্রেক্ষিতে একাদশ সংসদের ২৯০ সদস্যের শপথের বৈধতা নিয়ে ২০১৯ সালের ১৪ জানুয়ারি হাইকোর্টে রিট করেন আইনজীবী তাহেরুল ইসলাম তৌহিদ। ২০১৯ সালের ১৮ ফেব্রুয়ারি শুনানি নিয়ে ওই রিট খারিজ করে দেন হাইকোর্ট।

এর পর ২০১৯ সালের ২০ সেপ্টেম্বর হাইকোর্টের রায়ের বিরুদ্ধে লিভ টু আপিল করা হয়।