সংবাদমাধ্যমের অভ্যাস খারাপ হয়ে গেছে: পররাষ্ট্রমন্ত্রী

৩০

সংবাদমাধ্যমের অভ্যাস খারাপ হয়ে যাওয়ায় তারা সবসময় ময়লা তুলতে থাকে বলে মন্তব্য করেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন।

এ সময় তিনি গণমাধ্যমকর্মীদের উদ্দেশ্য করে বলেন, আপনাদের কারণে রাষ্ট্রদূতগণ বিভিন্ন রকমের অভ্যন্তরীণ বিষয়ে মাতব্বরি করেন। আর আপনারা সবসময় ময়লা খোঁজেন। আপনাদের অভ্যাসটা খারাপ হয়ে গেছে।

বৃহস্পতিবার (২৭ জুলাই) বিকেলে ফরেন সার্ভিস একাডেমিতে এক অনুষ্ঠান শেষে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

এ সময় পররাষ্ট্রমন্ত্রী সম্প্রতি প্রধানমন্ত্রীর রোম সফরে ইউরোপে নিযুক্ত বাংলাদেশি দূতদের নিয়ে বৈঠকের কথা, সম্প্রতি ১৩টি মিশন প্রধানকে ডাকাসহ বিভিন্ন বিষয় তুলে ধরেন।

প্রধানমন্ত্রী রোম সফর করে ঢাকায় ফিরেছেন। হিরো আলমকে নিয়ে বিবৃতি দেওয়া দেশগুলোর মধ্যে ইতালিও ছিল। দেশটির সরকারপ্রধান থেকে শুরু করে মন্ত্রীপর্যায়ে এ বিষয়ে কোনো অসন্তোষ জানানো হয়েছে কি না?- এমন প্রশ্নের জবাবে পররাষ্ট্রমন্ত্রী বলেন, আমরা এটা নিয়ে কিছু বলিনি। এটা ভদ্রতার জায়গা।

এসময় তিনি মিডিয়াকে দুষে রাষ্ট্রদূতদের মাতব্বর বলে মন্তব্য করেন। বলেন, মিডিয়ার কারণে ঢাকায় নিযুক্ত বিদেশি অ্যাকটিভ রাষ্ট্রদূতরা বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে মাতব্বরি করেন।

দেশের অভ্যন্তরীণ বিষয়ে বিদেশিদের কথা বলা এখন সংস্কৃতিতে পরিণত হয়ে গেছে। এটা বন্ধ করা উচিত বলেও এ সময় মন্তব্য করেন পররাষ্ট্রমন্ত্রী।

সম্প্রতি অনুষ্ঠিত ঢাকা- ১৭ আসনের উপনির্বাচনের স্বতন্ত্র প্রার্থী আশরাফুল হোসেন আলম ওরফে হিরো আলমের ওপর হামলার ঘটনায় বিবৃতি দেয় ঢাকায় অবস্থিত ১৩টি প‌শ্চিমা মিশ‌ন। ওই বিবৃতির পরিপ্রেক্ষিতে গতকাল বুধবার পশ্চিমা ১৩ মিশনকে ডেকে ঢাকার অসন্তোষের কথা জানায় পররাষ্ট্র মন্ত্রণালয়।