১৩ রাষ্ট্রদূতকে ডেকে পররাষ্ট্র মন্ত্রণালয়ের সতর্কবার্তা

৩৫

ঢাকা-১৭ উপনির্বাচনের সময় হিরো আলমের ওপর হামলার ঘটনায় নিন্দা জানিয়ে যৌথ বিবৃতি দেওয়ায় ১৩ দেশের মিশন প্রধানকে আমন্ত্রণ জানিয়ে সতর্ক করা হয়েছে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম।

বুধবার (২৬ জুলাই) রাষ্ট্রদূতদের সঙ্গে বৈঠকের পর বিকেল ৪টায় রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে এক প্রেস বিফ্রিংয়ে এ কথা জানান তিনি।

প্রতিমন্ত্রী বলেন, ঢাকা-১৭ আসনের উপনির্বাচনের প্রার্থী হিরো আলমের ওপর হামলার ঘটনায় বিবৃতি দেয়া ১৩ রাষ্ট্রদূত ও মিশন প্রধানকে ডাকা হয়েছিল। তাদের আমরা বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে কথা না বলতে আহ্বান জানিয়েছি। ভবিষ্যতে এ বিষয়ে সচেতন থাকতেও তাদের সতর্ক করা হয়েছে।

তবে বিষয়টিকে ‘তলব’ বলতে চাননি প্রতিমন্ত্রী। তিনি বলেন, তাদের তলব করা হয়নি। আমরা তাদের আমন্ত্রণ জানিয়ে নিজেদের দৃষ্টিভঙ্গি জানিয়েছি।

এ বিষয়ে ১৩টি মিশনের পররাষ্ট্র দফতরেও চিঠি পাঠানো হবে বলে জানান প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম।

এরআগে, ঢাকা-১৭ আসনের উপনির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিরো আলমের ওপর হামলার ঘটনার নিন্দা জানিয়ে ইউরোপীয় ইউনিয়ন ছাড়াও কানাডা, ডেনমার্ক, ফ্রান্স, জার্মানি, ইতালি, নেদারল্যান্ডস, নরওয়ে, স্পেন, সুইডেন, সুইজারল্যান্ড, যুক্তরাজ্য এবং মার্কিন যুক্তরাষ্ট্রের দূতাবাস ও হাইকমিশন বিবৃতি দিয়েছিল।

এ ছাড়াও এই উপনির্বাচনের পরদিন এ ঘটনায় উদ্বেগ জানিয়ে টুইট করেছিলেন বাংলাদেশে জাতিসংঘের আবাসিক সমন্বয়কারী গোয়েন লুইস। পরে জাতিসংঘের প্রতিনিধিকে তলব করা হয়।