আইন অমান্য ও জনদুর্ভোগ সৃষ্টি করলেই ব্যবস্থা : স্বরাষ্ট্রমন্ত্রী

২০

যারাই আইন অমান্য করবে ও জনদুর্ভোগ সৃষ্টি করবে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।

রবিবার (২৩ জুলাই) বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশনের প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে তিনি এ হুঁশিয়ারি দেন। বলেন, বিএনপির কোনো রাজনৈতিক কর্মসূচিতে সরকার বাধা দিচ্ছে না। তাদের অভিযোগ মিথ্যা। বিনা অপরাধে কাউকে আটকও করা হচ্ছে না। এ পর্যন্ত তাদের যাদের গ্রেপ্তার করা হয়েছে সবার বিরুদ্ধে ওয়ারেন্ট রয়েছে। তারা কোনো না কোনো মামলার ওয়ারেন্টভুক্ত আসামি।

এ কারণে পুলিশ তাদের গ্রেপ্তার করছে বলেও জানান তিনি।

এ সময় বিএনপির সমাবেশে মোবাইলের নেটওয়ার্ক বন্ধ করে দেওয়ার অভিযোগটি বানোয়াট বলেও মন্তব্য করেন স্বরাষ্ট্রমন্ত্রী।

অনুষ্ঠানে ক্র্যাব সভাপতি মির্জা মেহেদী তমাল, ক্র্যাব সেক্রেটারি মামুনুর রশিদ, র‍্যাবের মহাপরিচালক এম খুরশীদ হোসেন, হাইওয়ে পুলিশ প্রধান অতিরিক্ত আইজিপি এ কে এম শাহাবুদ্দিন খান, ডিআরইউ সভাপতি মুরসালিন নোমানীসহ অনেকেই।