‘হেলথ ইমার্জেন্সি’ ঘোষণার অবস্থা তৈরি হয়নি: স্বাস্থ্যমন্ত্রী

৬২

দেশে ডেঙ্গু সংক্রমণ পরিস্থিতি ক্রমান্বয়ে অবনতি হলেও এখনও হেলথ ইমার্জেন্সি ঘোষণার অবস্থা তৈরি হয়নি বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী জাহিদ মালেক। এ অবস্থায় ডেঙ্গু সংক্রমণ থেকে মুক্ত থাকতে হলে সবাইকে সজাগ থাকারও আহ্বান জানিয়েছেন তিনি।

শনিবার (২২ জুলাই) দুপুরে রাজধানীর মুগদা মেডিকেল কলেজ হাসপাতাল পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

এ সময় দুই সিটি কর্পোরেশনের উদ্দেশে মন্ত্রী বলেন, বেশ কিছু এলাকা ডেঙ্গুর হটস্পটে পরিণত হয়েছে। এই হটস্পটগুলোতে দ্রুততার সাথে মশা নিয়ন্ত্রণ করুন। আর নয়তো ডেঙ্গু পরিস্থিতির আরও অবনতি ঘটবে।

হাসপাতাল প্রস্তুত রয়েছে, তবে পরিস্থিতি মোকাবিলায় মশা মারার ওপরও জোর দেয়ার তাগিদ দেন স্বাস্থ্যমন্ত্রী। বলেন, ডেঙ্গু থেকে বাঁচতে মশার কামড় থেকে মুক্ত থাকতে হবে। আশপাশের পরিবেশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে হবে। বাসা বাড়ির ছাদ, আঙিনায় যেন পানি জমে না থাকে, সেই খেয়াল রাখতে হবে।