আন্দোলনের নামে সহিংসতা করলে ছাড় নয়, ছেঁকে ছেঁকে ধরা হবে: প্রধানমন্ত্রী

২৫

রাজনীতিতে বাধা নয়, তবে আন্দোলনের নামে সহিংসতা করলে ছেঁকে ছেঁকে ধরা হবে বলে হুঁশিয়ার করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

তিনি বলেন, মানুষের কোনো ক্ষতি করলে ছাড় দেয়া হবে না, ছেঁকে ছেঁকে ধরা হবে।

বৃহস্পতিবার (২০ জুলাই) আখাউড়া-লাকসাম ডাবল রেললাইন নির্মাণ প্রকল্পের ৭২ কিলোমিটার ডুয়েল গেজ রেলপথের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। এ সময় সরকারি বাসভবন গণভবন থেকে ভার্চুয়ালি যোগ দেন প্রধানমন্ত্রী।

বিএনপি আসলে সন্ত্রাসী দল উল্লেখ করে সরকারপ্রধান বলেন, তাদের কাজই হচ্ছে ধ্বংস করা, আগুন নিয়ে পুড়িয়ে মারা। মানুষের কোনো ক্ষতি করলে ছাড় দেওয়া হবে না, ছেঁকে ছেঁকে ধরা হবে।

২০০১ থেকে ২০০৬ সালের দুঃশাসন ও অপকর্মের কারণে বিএনপিকে মানুষ প্রত্যাখ্যান করে বলেও মন্তব্য করেন তিনি।

প্রধানমন্ত্রী আরও বলেন, যে যত পরামর্শ দিক, দেশটা আমাদের। এ দেশের মানুষের ভাগ্য পরিবর্তন আমাদেরই করতে হবে। সেই চিন্তা থেকে আমি দেশ চালাই। কবে কে কী পরামর্শ দিয়েছে সেটা নয়, মানুষের উন্নতি ও সমৃদ্ধির কথা চিন্তা করে আমরা পদক্ষেপ নিই। আমার দেশ, আমার চিন্তা। আমার দেশের মানুষের কীসে মঙ্গল সেটা আমরাই ভালো বুঝি।