বৃহস্পতিবার ঢাকায় শোকর‌্যালি করবে বিএনপি

২২

বৃহস্পতিবার ঢাকায় শোকর‌্যালি করার ঘোষণা দিয়েছে বিএনপি। বেলা ১১টায় নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে এই র‌্যালি শুরু হবে। মঙ্গলবার সারাদেশে পদযাত্রা কর্মসূচিতে হামলায় নিহতের ঘটনায় এই কর্মসূচি ঘোষণা করা হয়েছে।

বুধবার (১৯ জুলাই) বিকেলে যাত্রাবাড়ী চৌরাস্তার মোড়ে পদযাত্রা কর্মসূচির সমাপনী বক্তব্যে এ কর্মসূচির ঘোষণা দেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস।

তিনি বলেন, সরকারের অধীনে নির্বাচনে যাবে না বিএনপি। যারা এ সরকারের অধীনে নির্বাচনে যাবে তারা সরকারের দালাল হিসেবে চিহ্নিত হবে। তাদের বিচার হবে এই দেশের মাটিতে।

পদযাত্রায় নিহত কর্মীর বিষয়ে তিনি বলেন, গতকাল দলীয় কর্মসূচিতে হামলার ঘটনায় যে কর্মী নিহত হয়েছেন, এর হিসাব দিতে হবে। গত ১৫ বছরে যে সব হত্যাকাণ্ড হয়েছে তার বিচার হবে।

এর আগে বেলা ১১টায় আব্দুল্লাহপুর থেকে পদযাত্রা কর্মসূচির উদ্বোধন হয়। শেষ হয় যাত্রাবাড়ী চৌরাস্তা এসে।

সমাবেশে সভাপতিত্ব করেন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক আব্দুস সালাম।

এ সময় অন্যদের মধ্যে বিএনপির ঢাকা মহানগরের যুগ্ম আহ্বায়ক নবী উল্লাহ নবী, ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি কাজী রওনকুল ইসলাম শ্রাবণ, যুবদলের সভাপতি সুলতান সালাউদ্দিন টুকু, স্বেচ্ছাসেবক দলের সভাপতি এস এম জিলানী, মহিলা দলের সভানেত্রী আফরোজা আব্বাস প্রমুখ বক্তব্য রাখেন।