প্রধানমন্ত্রীর সঙ্গে স্ত্রীসহ আরাফাতের সৌজন্য সাক্ষাৎ

২৭

ঢাকা-১৭ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য মোহাম্মদ এ আরাফাত সস্ত্রীক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন।

মঙ্গলবার (১৮ জুলাই) বিকেলে এ সৌজন্য সাক্ষাৎ করেন তারা। প্রধানমন্ত্রী কার্যালয়ের একটি সূত্র বিষয়টি নিশ্চিত করেছে।

জানা যায়, ঢাকা-১৭ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য মোহাম্মদ এ আরাফাত ও তার স্ত্রী শারমিন মুস্তারি প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে দেখা করেন।

ঢাকা-১৭ আসনের উপনির্বাচনে সোমবার (১৭ জুলাই) ২৮ হাজার ৮১৬ ভোট পেয়ে জয়ী হয়েছেন আওয়ামী লীগের প্রার্থী মোহাম্মদ এ আরাফাত। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী মো. আশরাফুল হোসেন ওরফে হিরো আলম পেয়েছেন ৫ হাজার ৬০৯ ভোট।

উল্লেখ্য, হিরো আলম গত ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত বগুড়া-৪ (কাহালু-নন্দীগ্রাম) আসনের উপনির্বাচনেও প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন। সেখানে মহাজোটের প্রার্থী জাসদ নেতা এ কে এম রেজাউল করিম তানসেনের কাছে মাত্র ৮৩৪ ভোটের ব্যবধানে হেরে যান তিনি।