রাজধানীতে দুর্বৃত্তের ছুরিকাঘাতে আইডিয়াল কলেজের শিক্ষার্থী নিহত

২১

রাজধানীর ধানমন্ডি থানা এলাকায় দুর্বৃত্তের ছুরিকাঘাতে আদনান সাইদ রাকিব (১৮) নামে আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের দ্বিতীয় বর্ষের এক শিক্ষার্থী নিহত হয়েছে।

রোববার (১৬ জুলাই) রাত ১১টার দিকে শেখ জামাল ক্লাবের ফুটপাতের সামনে এ ঘটনা ঘটে বলে জানান, ধানমন্ডি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পারভেজ ইসলাম।

তিনি বলেন, রাত ১১টার দিকে শেখ জামাল ক্লাবের আমবাগানের সামনের ফুটপাতে দুর্বৃত্তের ছুরিকাঘাতে গুরুতর আহত হয় রাকিব। পরে তাকে একটি বেসরকারি হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ওসি পারভেজ বলেন, এ হত্যাকাণ্ড ছিনতাইকারীর ছুরিকাঘাতে নাকি পূর্ব শত্রুতার জেরে ঘটেছে তা আমরা এখনো নিশ্চিত হতে পারিনি। তবে রাকিবের ডান কাঁধে ধারালো অস্ত্রের আঘাতের একটি চিহ্ন রয়েছে। ধারণা করা হচ্ছে, এ আঘাতের কারণেই তার মৃত্যু হয়েছে। তার মরদেহ ঢাকা মেডিকেল কলেজ মর্গে রাখা হয়েছে। তদন্ত শেষে বিস্তারিত জানাতে পারবো।

নিহতের বড় ভাই হৃদয় বলেন, রোববার রাতে আমাদের বাসার উল্টো পাশে রায়হান নামে এক বন্ধুর সঙ্গে চা খেতে যায় রাকিব। পরে তাকে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে তার মোবাইল ফোন ছিনিয়ে নেওয়া হয়। এতে ঘটনাস্থলে আমার ভাইর মৃত্যু হয়। তবে ওইদিন রাতে আসলে কী ঘটেছিল সে ব্যাপারে আমরা এখনো নিশ্চিত হতে পারিনি।

এ বিষয়ে ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক বাচ্চু মিয়া বলেন, ময়নাতদন্তের জন্য মরদেহ হাসপাতাল মর্গে রাখা হয়েছে।