ঢাকা-১৭ আসনের উপনির্বাচনে জয়ী নৌকার আরাফাত

১৮

ঢাকা-১৭ আসনের উপনির্বাচনে বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন আওয়ামী লীগের প্রার্থী মোহাম্মদ আলী আরাফাত।

সোমবার (১৭ জুলাই) রাতে রিটার্নিং কর্মকর্তা মো. মুনীর হোসাইন খান এই ফলাফল ঘোষণা করেন।

ঘোষিত ফলাফল অনুযায়ী, ঢাকা-১৭ আসনের মোট ১২৪টি কেন্দ্রে আওয়ামী লীগের প্রার্থী মোহাম্মদ আলী আরাফাত নৌকা প্রতীকে ২৮ হাজার ৮১৬ ভোট পেয়ে বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী মো. আশরাফুল হোসেন আলম (হিরো আলম) একতারা প্রতীকে পেয়েছেন ৫ হাজার ৬০৯ ভোট। আর জাতীয় পার্টির প্রার্থী সিকদার আনিসুর রহমান লাঙল প্রতীকে পেয়েছেন ১ হাজার ১৮৫ ভোট।

এর আগে, সকাল ৮টায় ব্যালট পেপারে ভোটগ্রহণ শুরু হয়ে চলে বিকাল ৪টা পর্যন্ত। এরপর শুরু হয় ভোট গণনা।

এদিন ঢাকা-১৭ আসনের ১২৪টি ভোটকেন্দ্রের ৬০৫টি ভোটকক্ষে ব্যালটের মাধ্যমে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। আসনটিতে মোট ভোটার ৩ লাখ ২৫ হাজার ২০৫ জন। এর মধ্যে পুরুষ ভোটার ১ লাখ ৭১ হাজার ৬২৫ ও নারী ভোটার ১ লাখ ৫৩ হাজার ৫৮০ জন।